২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ট্রাক পুড়িয়েছে পিকেটাররা

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 06:17 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

রোববার সকালে গুইমারা এলাকায় একটি ট্রাক জ্বালিয়ে দিয়েছে পিকেটাররা।

সকালে জেলা শহরে পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

এছাড়া রামগড়ে একটি নৈশকোচে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। তবে, সেনা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও পুলিশ স্বীকার করেনি।

গুইমারা রিজিয়নের কর্মকর্তা জিটুআই মেজর হাসান আরাফাত জানান, গুইমারার হাতিমুড়ায় গমবোঝাই একটি ট্রাক জ্বালিয়ে দিয়েছে পিকেটাররা।

এছাড়া ঢাকা থেকে রাতে ছেড়ে আসা একটি নৈশকোচ পুলিশ পাহারায় খাগড়াছড়ি আসার পথে থলিবাড়ি এলাকায় হামলার শিকার হয়েছে।

পিকেটাররা গাড়িটি লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

রামগড় থানার ওসি বেলাল উদ্দিন চৌধুরী ট্রাকে আগুন দেয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে, গাড়িতে গুলিবর্ষণের কথা শোনেননি বলে জানান।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি জানান, জেলার আলুটিলা হুদয় মেম্বারপাড়ায় পিকেটাররা ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্যেশে ছেড়ে আসা চারটি নৈশ পরিবহন ভাংচুর করেছে পিকেটাররা।

জেলা শহরে ধাওয়া পাল্টা ধাওয়া

শহরের উপজেলা নার্সারী, খাগড়াছড়ি গেইট ও ফায়ার সার্ভিস এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

সকালে ৭টায় উপজেলা কৃষি নার্সারি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ইউপিডিএফ কর্মীরা পুলিশের ওপর হামলা করে।

পরে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা জানান, শহরের চেঙ্গী স্কোয়ার চত্বর নার্সারী এলাকায় তাদের কর্মীরা পিকেটিং করেছে এবং টায়ারে আগুন দিয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাঙামাটিতে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার নামে ‘অবৈধ ভূমি বেদখল’ প্রক্রিয়া বন্ধ করা ও রামগড়ের পাহাড়ি পরিবারকে ‘উচ্ছেদের ষড়যন্ত্র’ বন্ধের দাবিতে খাগড়াছড়ি ও রাংগামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় যুব ফোরাম।