চট্টগ্রামে শিশু উৎসব শুরু
চট্টগ্রাম নগরীতে শনিবার দুই দিনব্যাপী শিশু উৎসব শুরু হয়েছে।
সকালে নগরীর মুসলিম ইনস্টিটিউটে এ উৎসবের উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ সিংহ হাজারী।
শিশুদের পাঠশালা নামে চট্টগ্রামের একটি সংগঠনের আয়োজনে উৎসবে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যপক ড. অনুপম সেন।
তিনি শিশুদের মাঝে লুকিয়ে থাকা মেধাকে উজ্জ্বীবিত করার আহবান জানিয়ে বলেন, “শিক্ষাসুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো সবার উচিত। শিশুরাই দেশের প্রধান মানবসম্পদ।”
শিশুরাই বড় হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে উল্লেখ করে অনুপম সেন বলেন, শিশুদের মাঝে সুন্দর স্বপ্ন বুনতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে।
উৎসবের প্রথম দিনের প্রথম অধিবেশনে নগরীর দুেই শতাধিক স্কুলের আট শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শিশু উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দৈনিক আজাদীর বার্তা সম্পাদক একেএম জহুরুল ইসলাম, রাঙ্গুনীয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত প্রমুখ।
বিকালে উৎসবের দ্বিতীয় অধিবেশনে উৎসব কমিটির কো-চেয়ারম্যান তড়িৎ কান্তি দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
রোববার সকালে শিশু চলচ্চিত্র প্রদর্শনী, বিকালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে।
