ইসলামিয়া কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবি
দুর্নীতির অভিযোগে অধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।
শনিবার ‘ছাত্র-ছাত্রী সংগ্রাম পরিষদের’ ব্যানারে ১১ দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
তবে অধ্যক্ষ রেজাউল কবির তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন।
ছাত্র-ছাত্রী সংগ্রাম পরিষদের আহ্বায়ক রোমেল বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যান্য বেসরকারি কলেজের চেয়ে ইসলামিয়া কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ফি বেশি আদায় করা হচ্ছে।”
তুলনামূলকভাবে এ কলেজের শিক্ষার্থীদের বেতনও বেশি।
“দীর্ঘদিন ধরে আমরা এর প্রতিকার চাইলেও অধ্যক্ষ তাতে কর্ণপাত করেননি,” বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজে শ্রেণিকক্ষ সংকটের কারণে মাস্টার্স কোর্স চালুর অনুমতি দিচ্ছে না।
অথচ অধ্যক্ষ কলেজের মূল ভবনে চারটি কক্ষ দখল করে নিজের বাসভবন তৈরি করেছেন।
শিক্ষার্থীদের অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে: বিনা টেন্ডারে অধ্যক্ষ রেজাউল কবিরের নিজ তত্ত্বাবধানে ৭৬ লাখ টাকা খরচ করে ছয় তলা ভবন নির্মাণ এবং ভর্তির সময় অতিরিক্ত অর্থ গ্রহণ।
রোমেল আরো বলেন, এছাড়া ১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অধ্যক্ষ বেতন ভাতার অতিরিক্ত ১১ লাখ টাকা অবৈধভাবে গ্রহণ করেছেন।
এ ব্যাপারে অধ্যক্ষ রেজাউল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্র সংসদের নামে ছাত্রলীগের কর্মীরা একাদশ শ্রেণির ভর্তিতে কোটা দাবি করে না পেয়ে এ আন্দোলন শুরু করেছে।
এছাড়া টেন্ডার ছাড়াই গভর্নিং বডির সিদ্ধান্তে কলেজ ভবন নির্মাণ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগের ছেলেরা চাঁদা না পেয়ে এ অভিযোগ করছে এবং নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।
