শিবিরের রোববার হরতাল স্থগিত
রোববারের হরতাল স্থগিত করেছে ইসলামী ছাত্রশিবির। কারাবন্দি সভাপতি দেলাওয়ার হোসেনসহ নেতাদের মুক্তি ও নিখোঁজ কর্মীদের সন্ধান না দিলে সারাদেশে এই হরতালের ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
শুক্রবার ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি আবদুল জাব্বার এক বিবৃতিতে বলেছিলেন, "সভাপতিসহ কেন্দ্রীয় ও জাতীয় নেতাদের মুক্তি ও আইনশৃঙ্খলা বাহিনী কৃর্তক গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের আদালতে হাজির করা না করার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ হবে। দাবি আদায় না হলে আগামী ৩০ জুন রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।"
ছাত্রশিবিরের জেনারেল সেক্রেটারি দাবি করেন, শিবির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করা হচ্ছে। একইভাবে মিথ্যা মামলায় জাতীয় নেতৃবৃন্দকে দীর্ঘদিন আটকে রেখে কারাগারে নির্যাতন চলছে। ছাত্রশিবির নেতাদের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে অপহরণ করিয়ে নিয়মানুযায়ী আদালতে হাজির না করে অজ্ঞাত স্থানে নিয়ে চরম নির্যাতন করা হচ্ছে।
