রাঙামাটি ও খাগড়াছড়িতে অবরোধ রোববার
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলসহ তিনটি দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে রোববার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে ইউপিডিএফের যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম।
তাদের অপর দাবিগুলো হল বনায়নের নামে পাহাড়িদের জমি বেদখল এবং রামগড়ে ৫০ পরিবারকে উচ্ছেদ ও সেখানে সেটলার পুনর্বাসনের ষড়যন্ত্র বন্ধ করা।
রাঙামাটি প্রতিনিধি জানান, অবরোধের সমর্থনে শনিবার সকালে রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ সমাবেশ করে যুব ফোরাম। বিক্ষোভ মিছিলটি কতুকছড়ি বাজার প্রদক্ষিণ করে ইউপিডিএফ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্যে দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুপ্রিম চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিলাস চাকমা ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা।
সমাবেশ শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এবং পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরার কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার নামে সরকার পাহাড়িদের হাজার হাজার একর ভূমি বেদখলের প্রক্রিয়া চালাচ্ছে। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে কাপ্তাই বাঁধের মতো আবারো হাজার হাজার পাহাড়ি নিজ ভূমি থেকে উচ্ছেদের শিকার হবে।
পাহাড়িদের উচ্ছেদ করে বনাঞ্চল সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাহাড়ি জনগণ এটা কিছুতেই মেনে নেবে না।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, অবরোধের সমর্থনে বেলা ১১টার দিকে জেলার চেঙ্গী স্কোয়ারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুব ফোরাম।
সমাবেশের আগে তারা যতীন্দ্র লাল ত্রিপুরা, বীর বাহাদুর ও দীপংকর তালুকদারের কুশপুত্তলিকা দাহ করেন।
এর আগে সকাল ১০টার দিকে উপজাতীয় ঠিদাকার কল্যাণ সমিতির কার্যালয়ের সামনে থেকে যুবফোরামের একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের দিকে যেতে চাইলে মহাজনপাড়া এলাকায় পুলিশ বাধা দেয়।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশ থেকে অবরোধ কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন তারা।
দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ারও ঘোষনা দেন তারা।
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমারের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি থুইক্যচিং মারমা।
