২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরের মেয়রের বিরুদ্ধে চার কাউন্সিলর

দিনাজপুর পৌরসভা মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন চার কাউন্সিলর।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 10:13 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

শনিবার দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, সৈয়দ জাহাঙ্গীর আলমের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে পৌরসভার উন্নয়ন প্রকল্পের ২৫ কোটি টাকার বরাদ্দ বাতিল হয়েছে।

একই কারণে পৌরসভার গত অর্থবছরের চেয়ে এবারের বাজেটে ১২ কোটি ৪৮ লাখ টাকা কম রাখা হয়েছে বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে কাউন্সিলর ফয়সল হাবিব সুমন লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, ২০১২-১৩ অর্থবছরে এই পৌরসভার বাজেট ছিল ৪৪ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকা। ২০১৩-১৪ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছে ৩২ কোটি ১০ লাখ ১৬ হাজার টাকার।

এ সময় উপস্থিত অন্য কাউন্সিলররা হলেন মোস্তফা কামাল, রেহাতুল ইসলাম খোকা ও রোকেয়া বেগম লাইজু।

সংবাদ সম্মেলনে কাউন্সিলরা অভিযোগ করেন, গত অর্থবছরে দুঃস্থদের অনুদান খাতে বরাদ্দ ছিল সাত লাখ টাকা। অথচ ব্যয় দেখানো হয়েছে ১০ লাখ টাকা।

আবর্জনা অপসারণে ব্যবহৃত সাতটি গাড়ির মধ্যে পাঁচটি প্রায় চার মাস ধরে বিকল রয়েছে। অথচ সাতটি গাড়িই সচল দেখিয়ে জ্বালানি তেলের খরচ উত্তোলন করা হচ্ছে।

তারা এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্ত দাবি করেছেন।

এ ব্যাপারে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কোনো অনিয়ম বা দুর্নীতি করেননি।

“যারা অভিযোগ করছেন তারা কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আমার বিরুদ্ধে মাঠে নেমেছেন,” বলেন তিনি।

দাতাদের শর্ত পূরণ করতে না পারার কারণে উন্নয়ন প্রকল্পের ২৫ কোটি টাকার বরাদ্দ বাতিল হয়েছে বলেও তিনি দাবি করেন।