২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলদস্যুর হানা, মেঘনায় ১৪ জেলেকে অপহরণ

ভোলার মনপুরার কাছে চর পাতালিয়ায় মেঘনা নদী থেকে ট্রলারসহ ১৪ জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 08:22 AM

Updated : 23 Aug 2022, 11:05 AM

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট হাসান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলে অপহরণের খবর দুপুরে শোনার পর ঘটনাস্থলের কাছাকাছি কোস্টগার্ডের হাতিয়া স্টেশনকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

চরফ্যাশনের সামরাজ মৎস্য ঘাটের আড়ৎদার আমজাদ হোসেন জানান, শুক্রবার রাতে চরফ্যাশনের ১৪ জেলে চর পাতালিয়ায় মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন।

এ সময় জলদস্যুরা অতর্কিত হামলা চালিয়ে লক্ষাধিক টাকার মাছ, জাল ও ট্রলারসহ সব জেলেকে তুলে নিয়ে যায়।

তাদের কোথায় নিয়ে গেছে তা জানা যায়নি বলে আমজাদ জানান।

অপহৃত জেলেদের বাড়ি চরফ্যাশন উপজেলার চর মাদ্রাস, মোহাম্মদপুর ও আমিনাবাদ গ্রামে।

এদের মধ্যে মনোয়ার, হাসেম ও সেলিম মাঝির নাম জানাতে পেরেছেন এই আড়ৎদার।

এ অপহরণের কোনো খবর পাননি বলে মনপুরা থানার ওসি অাজিজুল ইসলাম জানিয়েছেন।

সম্প্রতি গত ১৬ জুন রোববার সন্ধ্যায় মনপুরায় মেঘনা নদী থেকে একইভাবে হামলা চালিয়ে ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করেছিল জলদস্যুরা।

পরে ৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধার করা হয়।