২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র নির্বাচনে ভোট দিচ্ছে চাটখিলবাসী

নোয়াখালীর চাটখিল পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2013, 05:45 AM

Updated : 25 Apr 2022, 06:55 PM

শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণে শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে বৃষ্টির মধ্যেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি দেখা গেছে।

মেয়র সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যু হওয়ায় এই পৌরসভায় নতুন মেয়র নির্বাচনে ভোট হচ্ছে। তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন।

উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রার্থী হয়েছেন সাবেক পৌর চেয়ারম্যান নাছির উদ্দিন ভূঁইয়া,  বিএনপি সমর্থন দিয়েছে সাবেক মেয়র মোস্তফা কামালকে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং উপজেলা জামায়াতের আমির মো. সাইফুল্লাহও নির্বাচনে প্রার্থী হয়েছেন।

এই চারজনের বাইরে প্রার্থী হয়েছেন বেলায়েত হোসেন বেলাল।

রির্টার্নিং কর্মকর্তা কাজী মো. চাহেল তস্তরী সাংবাদিকদের জানিয়েছেন, মোট নয়টি কেন্দ্রে ১৯ হাজার ২৯২ জন ভোট দেবেন।

নয়টি কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৬৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১১২ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ২ জন পুলিশ কর্মকর্তাসহ ১৫ জন পুলিশ এবং ৪ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।

এছাড়া র‌্যাবের চারটি দল টহলে রয়েছে।