২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিতা-মিতা ঢাকায়

আলোচিত দুবোন আইনুননাহার রিতা ও নূরুন্নাহার মিতাকে বগুড়া থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 10:56 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

শুক্রবার বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান বগুড়ার সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে তাদের নিয়ে যান।

এ সময় তার সঙ্গে ছিলেন রিতা ও মিতার বড়বোন কামরুননাহার হেনা।

স্থানীয়রা জানান, সকাল ৯টায় অ্যাডভোকেট এলিনা খান বগুড়ার সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র্রে আসেন রিতা-মিতার বড়বোন কামরুননাহার হেনাকে সঙ্গে নিয়ে।

সেখান থেকে রিতা ও মিতাকে নিয়ে সকাল ১১ টায় তারা ঢাকা রওনা হন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট শাহাজাদী লায়লা, বগুড়ার সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ম্যানেজার আব্দুল মানিকসহ স্থানীয় সাংবাদিকরা।

বগুড়া পৌঁছে রিতা ও মিতার কাছে গেলে এলিনা খানকে তারা এতদিন আসেননি কেন জিজ্ঞেস করেন।

এলিনা খান তাদের বলেন, দেশের বাইরে থাকায় তিনি আসতে পারেননি।

তারপর বলেন, “এইতো এলাম। তোমাদের নিতে এসেছি।”

এ সময় বড়বোন কামরুননাহার হেনা দুবোনের উদ্দেশে বলেন, “আমি অসুস্থ। চলো আমরা তিন বোন একসাথে আমার মোহম্মদপুরের বাসায় থাকি।”

এলিনা খান সাংবাদিকদের বলেন, দুইজন মহিলা দীর্ঘ চারমাস যাবৎ হোটেলে থেকৈছে। প্রতিদিন থানায় হোটেলের খাতা দেখানো হয়েছে।

অথচ হোটেল কর্তৃপক্ষ এবং থানা কোনো খোঁজ-খবর নেয়নি।  বিষয়টি রহস্যজনক।

বগুড়া সদর থানার ওসি নূর এ আলম বলেন, “একজন ইঞ্জিনিয়ার ও একজন ডাক্তার পরিচয়ে তারা হোটেলে অবস্থান করছিলেন। সেই কারণে সমাজের বিশিষ্ট ব্যক্তি মনে করে আমরা কিছু ভাবিনি।

“আর এরাই যে সেই রিতা-মিতা তা আমাদের জানা ছিল না,” বলেন ওসি।

এরা মানসিক ভারসাম্যহীন বুঝতে পেরে মানবাধিকার সংস্থার লোক নিয়ে উদ্ধার করা হয়।

গত ২৩ জুন রোববার বগুড়ার আকবরিয়া আবাসিক হোটেল থেকে পুলিশ ডা. আইনুননাহার রিতা  ও প্রকৌশলী নূরুন্নাহার মিতাকে উদ্ধার করা হয়। পরে তাদের বগুড়ার সামাজিক প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।