২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে ‘অভিবাসীদের’ বিরুদ্ধে সরব উলফা

 ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতারা আসামের বিতর্কিত ‘বিদেশি’ ইস্যু নিয়ে কিছুদিন আগে পর‌্যন্ত ‘নিরব’ থাকলেও সম্প্রতি কথিত ‘বাংলাদেশি অভিবাসীদের’ বিরুদ্ধে সরব হয়েছে সংগঠনটি। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমীর পুরকায়স্থ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 11:04 AM

ভবিষ্যত কর্মপন্থা নিয়ে দ্বিধাবিভক্ত এ সংগঠনের ‘চেয়ারম্যান’ অরবিন্দ রাজখোয়ার নেতৃত্বে ‘সমঝোতাপন্থী’ অংশটির একটি প্রতিনিধি দল  ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার জন্য এ সপ্তাহেই দিল্লী যাচ্ছে।

ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) এই অংশটি তাদের দাবি থেকে ‘আসামের স্বার্বভৌমত্ব’ বাদ দেয়ার বিষয়েও রাজি। তবে তাদের একটি শর্ত হলো, আসামে অবস্থানরত ‘লাখ লাখ অবৈধ বাংলাদেশিকে’ চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।

অরবিন্দ রাজখোয়া বলেন, “তা না হলে আমরা ভারত সরকারের সঙ্গে সমঝোতায় যেতে পারি না।”

উলফা বলছে, ১৯৫১ সালের পর বাংলাদেশ ভূখণ্ড থেকে যারাই আসামে গিয়ে বসতি গড়েছে, তাদের ফেরত পাঠাতে হবে। তবে তাদের এই শর্তে ভারত সরকার রাজি হবে বলে মনে হয় না, কারণ তৎকালীন পু্র্ব পাকিস্তান থেকে যারা আসামে বসবাস শুরু করেছেন, তাদেরও তাহলে ‘অবৈধ অভিবাসী’ বিবেচনা করতে হবে।

১৯৮৬ সালে অল আসাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এএএসইউ) সঙ্গে একটি চুক্তি করে ভারত সরকার, যাতে ১৯৭১ সালের ২৫ মার্চকে ‘গ্রহণযোগ্য অভিবাসনের’ শেষ সময় ধরা হয়। তবে ১৯৬৬ সাল থেকে ১৯৭১ সালের মধ্যে যারা ওই সময়ের পূর্ব পাকিস্তান থেকে আসামে গিয়েছিলেন, তারা ১০ বছর পর্যন্ত ভোটের অধিকার পাবেন না বলে একটি ধারায় উল্লেখ করা হয়।

আসামে জাতিগতভাবে সংখ্যালঘুরা সে সময় এ চুক্তির বিরোধিতা করলেও জাতীয়তাবাদী অংশকে শান্ত রাখতে ভারত সরকার সে সময় তা বাস্তাবয়ন করে।

আসামের রাজনীতিতে অভিবাসীদের প্রভাব কমাতে উলফাও একই ধরনের নিষেধাজ্ঞা চাইবে সরকারের কাছে।

মওলানা বদরুদ্দিন আজমলের নেতৃত্বে পূর্ব বাংলা থেকে যাওয়া অভিবাসীদের নিয়ে গঠিত রাজনৈতিক দল আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এইউডিএফ) শক্তি রাজ্যে দিন দিন বাড়ছে। ২০০৬ সালে আসামের রাজ্যসভা নির্বাচনে প্রথম দফায় অংশ নিয়ে নয় আসনে জয় পায় দলটি। এরপর ২০১১ সালের নির্বাচনে তাদের আসন বেড়ে দ্বিগুণ হয়।

২০১২ সালে অভিবাসীদের বিরুদ্ধে দাঙ্গার পর এইউডিএফের অবস্থান আরো জোরদার হয়।      

দলটির সাবেক নেতা ও আইনজীবী সৈয়দ হাফিজ রশিদ চৌধুরী বলেন, “১৯৮৬ থেকে ১৯৯৬ সাল পর‌্যন্ত একবার ভোটের অধিকার হারানো একটা জনগোষ্ঠীকে আরো ১০ বছরের জন্য এই অধিকার থেকে বঞ্চিত করা হলে তা হবে অন্যায় ও বেআইনি।”

আসাম চুক্তির পর ১৯৮৫ সালে গঠিত ইউনাইটেড মাইনরিটিজ ফ্রন্টের (ইউএমএফ) নেতৃত্বে ছিলেন চৌধুরী। পরে ২০০৬ সালে এইউডিএফ গঠিত হলে তিনি তাতে যোগ দেন।

আসামের স্বাধিকারের দাবিতে ১৯৭৯ সালে উলফা গঠিত হওয়ার পর তাদের সশস্ত্র সংগ্রামের শুরু হয় সংখ্যালঘুদের ওপর হামলার মধ্যে দিয়ে। ইউএমএফের সাধারণ সম্পাদক কালিপদ সেন ও সাবেক সভাপতি গোলাম ওসমানীকে হত্যা করে তারা।

তবে ১৯৮০ এর দশকে এইচ এম এরশাদের সময়ে ফ্রিডম পার্টির নেতাদের সহযোগিতায় ‘বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় ও সমর্থন পাওয়ার’ পর উলফা আসামের অভিবাসী ইস্যুতে ‘চুপ’ হয়ে যায় বলে বিশ্লেষকদের অভিমত।

কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান শেখ হাসিনা সরকার বাংলাদেশের ভূখণ্ড ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে না দেয়ার ব্যাপারে শক্ত অবস্থান নেয়ায় এবং  উলফার কয়েকজন শীর্ষ নেতাকে ভারত সরকারের কাছে হস্তান্তর করায় সংগঠনের ‘সমঝোতাপন্থী’ ও ‘সশস্ত্র লড়াইপন্থী’ অংশ দুটির বিভাজন আরো বেশি প্রকট হয়ে ওঠে।

রাজখোয়ার নেতৃত্বে ‘সমঝোতাপন্থী’ অংশটি ভারত সরকারের সঙ্গে আলোচনার পক্ষে থাকলেও তারা আসামের অভিবাসী ‘ইস্যুতে’ নতুন করে সোচ্চার হয়েছে।

আর উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার নেতৃত্বে আলোচনাবিরোধী অংশটি তার ‘দীর্ঘ সময়ের যোগাযোগের সূত্র ধরে’ বাংলাদেশে আশ্রয়ের জন্য দরকষাকষি চালিয়ে যাচ্ছেন বলে সংশ্লিষ্টদের ধারণা।