চট্টগ্রামে ২ শিবিরকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে নাশকতার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মঞ্জুরুল আলম (২২) বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলার শিবির সদস্যদের মামলা পরিচালনা কমিটির সভাপতি এবং কফিল উদ্দিন (২২) নগর শিবিরের সাথী বলে জানিয়েছেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাশকতার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে আন্দরকিল্লা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
