ঢাকায় যাচ্ছেন রিতা-মিতা
চার দিন আগে বগুড়ার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বহুল আলোচিত দুই বোন রিতা-মিতাকে শুক্রবার ঢাকায় পাঠানো হচ্ছে।
শুক্রবার ডা. আইনুন নাহার রিতা (৪৯) ও ছোটবোন প্রকৌশলী নূরুন্নাহার মিতাকে (৪৫) বগুড়ার সামাজিক প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে ঢাকায় নিয়ে যাবেন মানবাধিকারকর্মী এলিনা খান।
জাতীয় মানবাধিকার সমিতির জ্যেষ্ঠ সদস্য শাহজাদি লায়লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বগুড়ার পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার কোনো সুব্যবস্থা নেই। তাই, রিতা-মিতাকে ঢাকার পুবাইলের একটি আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে বৃহস্পতিবার আবেদন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানবাধিকার কর্মী শাহজাদি লায়লা একটি আবেদন করেছেন। সেই প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। তারা যাতে ঢাকায় নিয়ে গিয়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে।”
রোববার দুপুরে রিতা ও মিতাকে বগুড়ার আকবরিয়া হোটেল থেকে উদ্ধার করে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেয় পুলিশ।
২০১১ সালে রিতা ও মিতাকে তাদের মিরপুরের বাসা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে তারা বাড়ি ফেরেন।
সে সময় কিছুদিন বড়বোন কামরুননাহার হেনার সঙ্গে থাকলেও পরে তারা আলাদা বাসায় থাকতে শুরু করেন।
এর আগে ২০০৭ সালেও একই কারণে তারা হাসপাতালে চিকিৎসা নেন। পরে আবার তারা অসুস্থ হয়ে পড়েন।
মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, সিজোফ্রেনিয়া একটি মারাত্মক মানসিক সমস্যা যেখানে মানুষ বাস্তবতা থেকে দূরে সরে যায় এবং অবাস্তব অনেক কিছুকে বাস্তব হিসাবে বিশ্বাস করে।
এই সমস্যা দীর্ঘমেয়াদি এবং ধারাবাহিক চিকিৎসায় কমলেও তা বারবার ফিরে আসতে পারে।
