২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে আগুন: মারা গেলেন সন্তানসহ দম্পতি

রাজধানীর খিলগাঁওয়ে বহুতল ভবনের একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডে মারা গেছেন এক দম্পতি ও তাদের সন্তান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 03:24 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বৃহস্পতিবার ভোরে রিয়াজবাগ এলাকায় সিরাজ উল্লাহর ফ্ল্যাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গুরুতর আহত অবস্থায় সকালে সিরাজ উল্লাহ, তার স্ত্রী কানিজ ফাতেমা ও সন্তান সিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সকাল সাড়ে ৮টার দিকে কানিজ ফাতেমা এবং দুপুর সোয়া ১টার দিকে সিরাজ উল্লাহ মারা যান।

রাতে সিফাতেরও মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, সাত ভবনের দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে। আধা ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়।

কানিজের ভগ্নিপতি ইলহামুল ইসলাম কনক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিরাজ জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির(জাইকা)একজন পরামর্শক। এর আগে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

অগ্নিকাণ্ডের সময় সিরাজ-কানিজ দম্পতির আরেক সন্তান শিহাব ওই ফ্ল্যাটে থাকলেও সে অক্ষত রয়েছে জানান কনক।

কানিজের গ্রামের বাড়ি নোয়াখালী আর সিরাজ উল্লাহর বাড়ি ফেনী।

পুরনো খবর:

খিলগাঁওয়ে ফ্ল্যাটে আগুন, দম্পতির মৃত্যু