খিলগাঁওয়ে ফ্ল্যাটে আগুন, দম্পতির মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে বৈদ্যুতিক ‘শর্ট সার্কিট’ থেকে অগ্নিকাণ্ডে জাইকার অর্থায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রকল্পের কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ হয়েছে তাদের এক সন্তান।
রামপুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে রিয়াজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সাড়ে ৭টার দিকে সিরাজ উল্লাহ, তার স্ত্রী কানিজ ফাতেমা ও সন্তান সিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে কানিজ ফাতেমা এবং দুপুর সোয়া ১টার দিকে সিরাজ উল্লাহ মারা যান।
“তাদের ছেলে সিফাতের অবস্থাও আশঙ্কাজনক।”
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সাত তলা ভবনের দ্বিতীয় তলার ওই ফ্ল্যাটের একটি কক্ষে আগুন ধরে যায় বলে জানান তিনি।
জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির (জাইকা) ঢাকা কার্যালয় থেকে জানানো হয়, সিরাজ জাইকার অর্থায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্পের ফিল্ড কনসালটেন্ট। এর আগে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
কানিজের ভগ্নিপতি ইলহামুল ইসলাম কনক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিকাণ্ডের সময় সিরাজ-কানিজ দম্পত্তির আরেক সন্তান সিহাব ওই ফ্ল্যাটে থাকলেও সে অক্ষত রয়েছে জানান তিনি।
কানিজের গ্রামের বাড়ি নোয়াখালী আর সিরাজ উল্লাহর বাড়ি ফেনী।
