২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের মেয়র-কাউন্সিলর বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র এবং পাঁচ কাউন্সিলরকে ভাঙচুরের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পাঠানো বরখাস্তের আদেশ জেলা প্রশাসনে ফ্যাক্সযোগে পাঠানো হয়।

জেলা প্রশাসক সরদার সরাফত আলী চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বরখাস্তরা হলেন মেয়র আব্দুল মতিন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর কবির, ৩ নম্বর ওয়ার্ডের মো. রবিউল ইসলাম রবি, ৪ নম্বর ওয়ার্ডের মো. আবুল হাসান, ৫ নম্বর ওয়ার্ডের মো. ময়েজ উদ্দিন এবং ৬নম্বর ওয়ার্ডের আব্দুল বারেক।

প্রস্তাবিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রাচীর ভাংচুরের অভিযোগে করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, যেহেতু প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে তাদের দ্বারা পৌরসভার কার্যক্রম পরিচালনা করা সমীচীন নয় বলে মনে হয়েছে, তাই সরকার তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে পৌর মেয়র আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।