মুহিত হতাশ হলেও আশাবাদী কাদের
বর্তমান সরকার আমলে পদ্মা সেতুর কাজ শুরু করা নিয়ে অর্থমন্ত্রী সংশয়ী হলেও এই সময়ে কাজ শুরুতে আশাবাদী যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আবুল মাল আবদুল মুহিতকে ‘ভালো ও জ্ঞানী মানুষ’ অভিহিত করে তাকে জনমনের আকাঙ্ক্ষা বুঝে কথা বলার পরামর্শও দিয়েছেন ওবায়দুল কাদের।
বুধবার বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর দরপত্র আহ্বানের পর মুহিত এই সরকারের মেয়াদে কার্যাদেশ দেয়া নিয়ে নিজের সংশয়ের কথা সাংবাদিকদের জানান।
এর প্রতিক্রিয়ায় জানতে চাইলে ওবায়দুল কাদের বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “তিনি (মুহিত) জিনিয়াস মানুষ, ভালো মানুষ। তবে বয়স হয়েছে, মাঝে মাঝে খেই হারিয়ে ফেলেন।”
অর্থমন্ত্রী যা বলেছেন- তা ঠিক মনে করেন কি না- সরাসরি উত্তর চাইলে তিনি আবার বলেন, “আমি বলেছি তিনি একজন জ্ঞানী মানুষ।
“যে কথাটা উনি বলেছেন, তা ওভাবে বলতে পারেন না। তার সংশয় থাকতে পারে, এখানে টেকনিক্যাল কমিটি রয়েছে, টেকনিক্যাল কমিটি বলবে, কবে কাজ শুরু করতে পারবে।”
“জনগণ একটি আশা নিয়ে থাকে। জনগণের চোখের ভাষা-মনের ভাষা বুঝে আমাদের কথা বলা উচিত, সব সময় সব কথা বলতে নেই,” বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
তিনি বলেন, অর্থমন্ত্রী সব মন্ত্রণালয়ে টাকা দেবেন, অর্থায়নই তার কাজ, বাস্তবায়নের কাজ সেতু বিভাগের।
“আমি আশাবাদী, পদ্মা সেতুর কাজ এগিয়ে যাবে।”
এ সরকারের মেয়াদে কাজ শুরু করা সম্ভব হবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, “কারিগরি কমিটি মূল্যায়ন করে ওয়ার্ক অর্ডার দেবে। এ বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করতে পারব না।
“পদ্মা সেতুর অনেক কাজ হয়েছে, সরকারের রয়েছে মাত্র চার মাস, পদ্মা সেতু করতে লাগবে চার বছর, চার মাসে তো পদ্মা সেতু শুরু করতে পারব না, স্ট্যান্টবাজি করে তো লাভ নেই,” একথাও বলেন তিনি।
২৯১ কোটি ডলারে পদ্মা সেতু নির্মাণে মূল অর্থায়ন বিশ্ব ব্যাংকের করার কথা ছিল। কিন্তু দুর্নীতির অভিযোগ তদন্ত নিয়ে টানাপোড়েনে সরকার সংস্থাটির অর্থ নেবে না বলে এই বছরের শুরুতে জানায়।
নিজেদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতু নির্মাণ নিজস্ব অর্থায়নে করার ঘোষণা দিয়ে এখন এগিয়ে যাচ্ছে মহাজোট সরকার।
যোগাযোগমন্ত্রী বলেন, অর্থায়ন বাদে বিশ্ব ব্যাংক যেভাবে প্রকল্পটি রেখে গেছে, সেখান থেকেই কাজ শুরু করা হবে।
শেরে বাংলানগরে রোববার জাপানের সঙ্গে বাংলাদেশ সরকারের ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বিশ্ব ব্যাংকের সঙ্গে টানাপোড়েনে গত বছরের মাঝামাঝিতে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তবে এরপর বিশ্ব ব্যাংকের সঙ্গে আবার আলোচনা চলতে থাকে।
ওই ঘোষণার পর বিশ্ব ব্যাংকের জন্য অপেক্ষা করা ভুল ছিল বলে মনে করেন ওবায়দুল কাদের। তার মতে, তখন কাজ শুরু হলে তা অনেক এগিয়ে যেত।
পরবর্তী সরকার মহাজোটের না হলে পদ্মা প্রকল্প থেকে যাবে বলে সন্দেহ করছেন ওবায়দুল কাদের।
আগামী নির্বাচনে পদ্মা সেতু আওয়ামী লীগের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন কি না- জানতে চাইলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “মানুষ দেখেছে আমরা কাজ করেছি।”
