আন্দোলন স্থগিত করল বিমান কর্মীরা
বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার উদ্যোগ বন্ধের দাবিতে আন্দোলন স্থগিত করেছে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের কর্মীরা।
বিমান শ্রমিক লীগের সভাপতি ও সিবিএ নেতা মসিকুর রহমান বলেন, “বিমানের চেয়ারম্যান দেশের বাইরে থাকায় আপাতত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি দেশে ফিরে আসার পর কথা বলে আন্দোলনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানের প্রায় ৩০০ কর্মী বৃহস্পতিবার সকালে বলাকা ভবনের ভেতরে ও সামনে অবস্থান নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লোগান দেন। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিল একবার নিচে নেমে এসে কর্মীদের বোঝানোর চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়ে আবার ওপরে নিজের কার্যালয়ে ফিরে যান।
পরে আন্দোলনকারীরা নিজেদের মধ্যে আলোচনা করে কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেন।
বিক্ষোভ চলাকালে বিমান শ্রমিক লীগের সভাপতি ও সিবিএ নেতা মসিকুর রহমান বলেন, “গ্রাউন্ড হ্যান্ডলিং বিমানের সবচেয়ে বড় আয়ের খাত। সেই খাতে এখন শকুনের কালো দৃষ্টি পড়েছে। কর্তৃপক্ষ এই খাতকে বিদেশিদের হাতে ছেড়ে দেয়ার ষড়যন্ত্র করছে।
“গ্রাউন্ড হ্যান্ডলিং বিদেশিদের হাতে ছেড়ে দেয়া হবে জাতীয় স্বার্থবিরোধী। এতে নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। আমরা এ বিষয়ে এমডির সাথে কথা বলেছি। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি।”
গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার কাছে ‘অংশীদারিত্বের’ প্রস্তাব চেয়ে গত ২৩ জুন বিমানের ওয়েবসাইটে একটি বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে ইতিবাচক সাড়া পেলে আরএফপি (রিকোয়েস্ট ফর প্রোপোজাল) চেয়ে বিজ্ঞাপন দেওয়া হবে বলে বিমানের এমডি কেভিন স্টিল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিষয়টি এখনও একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে, আমরা কেবল বিভিন্ন বিমান সংস্থার কাছ থেকে প্রস্তাব চেয়ে আরএফআই দিয়েছি।”
এর পক্ষে যুক্তি দিয়ে কেভিন বলেন, “বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যাবস্থাকে বিশ্ব মানের করতে যন্ত্রপাতি, ফ্যাসিলিটি, সিস্টেম, ট্রেনিংয়ের ওপরে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন। জয়েন্ট ভেনচারে পার্টনার নিলে সেটা পাওয়া যাবে। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের আধুনিকায়ন হলে বিমানের সেবাও বৃদ্ধি পাবে। আর এসকল ক্ষেত্রে শতকরা একশভাগ কাজ হবে বিমানের মালিকানায়।”
নতুন এ পদ্ধতিতে বিমানের কর্মী ছাঁটাই হবে কি না জানতে চাইলে কেভিন বলেন, “এমন কোনো আশঙ্কা নেই। বরং আমাদের আরো বেশি কর্মচারী নিয়োগ দিতে হবে।”
বিমান কর্মচারীদের আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এমডি বলেন, “আমরা বিমানের কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা করেছি। এ উদ্যোগ বাস্তাবায়িত হলে প্রকৃতপক্ষে বিমান কর্মচারীরাই উপকৃত হবে।”
তবে আগেই বিমানকর্মীদের কাছে বিষয়টি স্পষ্ট করা উচিত ছিলো বলে স্বীকার করেন তিনি।
“আমারও কিছুটা ভুল ছিল। আমি বিমান কর্মচারীদের কাছে পুরো প্রক্রিয়াটি স্পষ্ট করতে পারিনি। এ প্রক্রিয়ায় বরং কর্মচারীরাই বেশি লাভবান হবেন।”
বিমান প্রকাশিত আরএফআই-এ অংশীদারিত্বের ন্যূনতম শর্তের মধ্যে উল্লেখযোগ্য হলো যন্ত্রপাতির আধুনিকায়নের জন্য অংশীদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে হবে।
এছাড়া বিশ্বের অন্তত পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দরে মুখ্য গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রতিষ্ঠানকে।
বিমান কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক ও এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানের কর্মচারীরা যদিও বিরোধিতা করছেন, কিন্তু আমি মনে করি বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিশ্চিত করতে পারছেন না। বিদেশি এয়ারলাইনসগুলো টাকা দিচ্ছে কিন্তু সেবা পাচ্ছে না।
“তবে বিমানকে অবশ্যই তাদের সামর্থ্যের চেয়ে বড় কোনো প্রতিষ্ঠানকে অংশীদার করতে হবে। তা না হলে বিশেষ কোনো উন্নতি হবে না।”
