শিবিরের হরতালে রাজশাহীতে ট্রাকে আগুন
রাজশাহীর তিন জেলায় ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজশাহীতে একটি ট্রাকে আগুন দিয়েছে শিবির কর্মীরা।
মতিহার থানার ওসি আশীষ কুমার ঘোষ জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে কয়েকজন শিবিরকর্মী শহর বাইপাস সড়কের হরিয়ান এলাকায় একটি আমবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।
“রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকের অনেকটা পুড়ে গেছে।”
এর আগে ভোরে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, ভোরে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতির সময় রাজশাহী সরকারি কলেজের সামনে থেকে আট শিবির কর্মীকে আটক করা হয়।
ফাইল ছবি
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায় বলে জানান সদর থানার ওসি ফজলুর রশিদ।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে শহরের বড়ইন্দারা মোড় থেকে হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের হয়। এছাড়া জেলার আর কোথাও মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
ওসি ফজলুর বলেন, বিশৃঙ্খলা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাটোর প্রতিনিধি জানান, ভোর ৬টার দিকে শহরের হরিশপুর মোড়ে ছাত্র শিবির একটি মিছিল বের করে। এ সময় তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।
নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে রাস্তা থেকে টায়ার সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
হরতালে তিন জেলা থেকেই দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে প্রতিটি জেলা শহরেই হাল্কা যান চলছে। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচলও।
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক তাজাম্মুল আলী ও ছাত্রকল্যাণ সম্পাদক মো. আজিজুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয় শিবির।
