২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শোকজ-সাসপেন্ড তো অনেক করেছি, কাজ তো হচ্ছে না’

পরিবহন খাতে দুর্নীতি দমনে চেষ্টা চালিয়েও আশানুরূপ ফল না পেয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 06:16 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার রাজধানী এলেনবাড়িতে বিআরটিএ কার্যালয়ে এক সভায় বক্তব্যে হতাশা ফুটে ওঠে মন্ত্রীর কথায়।

ওই সভায়ই সড়ক ও জনপথ বিভাগের এক প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিস পাঠানোর নির্দেশ দেন তিনি।

মন্ত্রিসভায় গত বছর যোগ দেয়ার পর থেকে সক্রিয়তা দেখাচ্ছেন ওবায়দুল কাদের। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বিভিন্ন অভিযোগে বিভিন্ন কর্মকর্তাকে বরখাস্ত কিংবা শোকজ করছেন তিনি।

সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় কাদের বলেন, “শোকজ আর সাসপেন্ড তো অনেক করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না।

“বিআরটিএতে দুর্নীতি এখনো বন্ধ করা যায়নি। কেউ কেউ এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছেন।”

সভায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী অভিযোগ তুললে তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমানকে শোকজ নোটিস পাঠাতে বলেন মন্ত্রী।

বিআরটিএতে লোকবলের অভাবসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি।

“প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ জনসেবামূলক প্রতিষ্ঠানে রূপ দেয়া সম্ভব হয়নি। তবে অনেক কিছুই ঠিক করা হয়েছে, বাকি সমস্যাগুলোও ঠিক করার চেষ্টা অব্যাহত আছে।”

Image
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার জানান, পদ্মা সেতুর দরপত্র ডাকা হবে ৩০ জুন।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার জানান, পদ্মা সেতুর দরপত্র ডাকা হবে ৩০ জুন।

রাজধানীর পরিবহণ ব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

“ঢাকা মহানগরীতে এত বাজে চেহারার বাস চলে, যা কোনো গ্রামেও চলে না। ফিটনেসহীন ও অল্পবয়সী চালকদের দিয়েই এখানে বেশিরভাগ গাড়ি চলে। এটা বন্ধ করতে হবে।”

রোজার আগেই নগরী এবং মহাসড়কের যানজট কমিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

যাত্রাবাড়ী-সায়েদাবাদের ভোগান্তি কমানো গেলে ঢাকার ৫০ ভাগ যানজট কমে যাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

সভায় শ্রমিক নেতা ওসমান আলী বলেন, আগের সভার অনেক সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন হয়নি।

“সভা হলেও পরে তা বাস্তবায়ন হয় না। সারাদেশে ওজন মাপার আটটি স্থানে মালিক-শ্রমিকদের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ দেয়ার কথা থাকলেও এখনো তা দেয়া হয়নি।”

সড়ক যানজট মুক্ত রাখতে স্থানীয় প্রশাসনের অসহযোগিতা রয়েছে বলেও অভিযোগ করেন এই শ্রমিক নেতা।

সভায় নৌমন্ত্রী শাজাহান খান, যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এমএএন সিদ্দিক, বিআরটিএর চেয়ারম্যান এএলএম আব্দুর রহমানসহ পুলিশ ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।