২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সীমান্তে হত্যা বন্ধে বিজিবি সোচ্চার’

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড বন্ধে বিজিবির পক্ষ থেকে সবসময়ই জোরালো ভূমিকা রাখা হচ্ছে বলে দাবি করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 02:08 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

বুধবার পিলখানায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “যতক্ষণ পর্যন্ত হত্যার ঘটনা ‘জিরো’তে না আসবে, ততদিন প্রতিবাদ (বিজিবির) চলবে।”

সীমান্ত রক্ষা বাহিনীর প্রধানের দায়িত্ব নেয়ার ছয় মাস পূর্তিতে নিজের কার্যক্রম তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করেন মেজর জেনারেল আজিজ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের জুন মাস পর্যন্ত সীমান্তে ১৪ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।

বিজিবি প্রধান বলেন, সীমান্তে বিএসএফ কর্তৃক যে হত্যাকাণ্ড ঘটে তার অধিকাংশই গরু ব্যবসাকে কেন্দ্র করে ঘটে। এ সব হত্যাকাণ্ডের জোরালো প্রতিবাদ সবসময় বিজিবি করে আসছে।

ঢাকায় এই সংবাদ সম্মেলনের দিনই যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে দুই বাংলাদেশির হত্যাকাণ্ড নিয়ে বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা বৈঠকে বসেন।

বৈঠকে বিএসএফের পক্ষ থেকে গুলি না করার আশ্বাস দেয়া হয়েছে বলে ২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) তায়েফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি জানান, হত্যাকাণ্ড নিয়ে বিএসএফ কর্মকর্তারা দুঃখও প্রকাশ করেন বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নেমে আসছে বলে ঢাকায় ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে ঘটা ওই হত্যাকাণ্ডের জন্য বিএসএফের চার সদস্যকে বরখাস্ত করা হয়।

মেজর জেনারেল আজিজ সংবাদ সম্মেলনে বলেন, “কেউ যদি অবৈধভাবে ভারতে প্রবেশ করে, তাকে আইনের হাতে তুলে দেয়া হোক। প্রচলিত আইনে তার বিচার হোক। হত্যা কেন? নিরস্ত্র লোককে হত্যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।”

গত সাড়ে চার বছরে বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি হত্যাকাণ্ডের একটি পরিসংখ্যানও তুলে ধরেন তিনি।

বিজিবির হিসাবে, এই সময়ে ২১৪ বাংলাদেশি নিহত হন। এর মধ্যে ২০০৯ সালে ৬৭ জন নিহত এবং ৮০ জন আহত হন। ২০১০ সালে ৬০ জন নিহত এবং ৮৭ জন আহত হন। ২০১১ সালে ৩৯ জন নিহত এবং ২৯ জন আহত হন। ২০১২ সালে ৩৪ জন নিহত এবং ৯৬ জন আহত হন।

হত্যাকাণ্ডসহ সীমান্তে অন্য সমস্যাগুলো নিরসনে ভারতের সঙ্গে সম্পর্কের অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেন বিজিবি প্রধান।

তবে বিএসএফের মতো মিয়ানমারের সীমান্ত রক্ষা বাহিনী নাসাকার সঙ্গে সম্পর্ক ততটা মজবুত নয় বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।  

“সীমান্তে কোনো সমস্যা হলে বিএসএফের সঙ্গে দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়। কিন্তু নাসাকা’র ক্ষেত্রে তা হয় না।”

এক্ষেত্রে পুলিশের তিনজন সদস্য মিয়ানমারে ঢুকে যাওয়ার ১৩ দিন পর ফিরিয়ে আনার ঘটনাটি তুলে ধরে তিনি বলেন, নাসাকার সঙ্গে নিয়মিত বৈঠক হলে এই সমস্যা অল্পসময়েই সমাধান হতো।

এজন্য মিয়ানমারের বাহিনীর আন্তরিকতার অভাবকে দায়ী করেন বিজিবি প্রধান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরে (১১ জুন পর্যন্ত) ২ হাজার ৮৬৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে ২ হাজার ৮৫৭ জনকে ফেরত পাঠানো হয়েছে। বাকি ১১ জনকে পুলিশে সোর্পদ করা হয়েছে।

এর আগে ২০১১ সালে ১ হাজার ৯ জন রোহিঙ্গাকে এবং ২০১২ সালে ৬ হাজার ৬০৯ জনকে আটক করা হয়, যার অধিকাংশকে ফেরত পাঠনো হয়েছে।

বিজিবি প্রধান জানান, সীমান্ত রক্ষা বাহিনীকে আরো গতিশীল করতে চারটি নতুন রিজিয়ন, চারটি নতুন সেক্টর, চারটি নতুন রিজিয়নাল ইন্টেলিজেন্স ব্যুরো এবং ছয়টি নতুন ব্যাটালিয়ন করা হয়েছে।

মিয়ানমার থেকে অবৈধ গোলাবারুদ আসা ঠেকাতে রামুতে ব্যাটালিয়ন স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।