টেন্ডার সন্ত্রাস: যুবলীগ নেতা বাবরসহ গ্রেপ্তার ৬
রেলের টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলিতে দুই জনের মৃত্যুর ঘটনায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী বাবরসহ ছয়জনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, চট্টগ্রামের কোতোয়ালী ও নগর গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল বুধবার ভোরে গুলশানের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বাকি পাঁচজন হলেন- পলাশ দাশ, মাজহারুল ইসলাম, ছোটন বড়ুয়া, শাহ আলম ও রবি দে। তারা সবাই যুবলীগের সদস্য।
চট্টগ্রাম কোতোয়ালী থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিমও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবর ও তার সহযোগীদের বুধবার রাতে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার তাদের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।
এঘটনায় ছয়জনসহ মোট ৫৯জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেনী রেলস্টেশনের সংস্কার কাজের ৪৮ লাখ টাকার টেন্ডার জমা দেয়া নিয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের দুটি পক্ষ সোমবার দুপুরে চট্টগ্রামের সিআরবি সাতরাস্তার মোড়ে রেলের পূর্বাঞ্চলীয় সদরদপ্তরের সামনে সংঘর্ষে জড়ায়।
এ সময় আরমান নামে আট বছর বয়সী এক শিশু এবং সাজু পালিত নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়।
সংঘর্ষের পর নগরীর সিআরবি, নন্দনকাননসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম লিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন, কমার্স কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হাসমত আলী রাসেলসহ ৪৪ জনকে ১ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
এরা সবাই মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান যুবলীগ নেতা দিদারুল আলমের ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েল অ্যাসোসিয়েটসের পক্ষে দরপ্রস্তাব জমা দিতে সিআরবিতে যান। সেখানে হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
ওই ঘটনায় দাঙ্গা ও হত্যার অভিযোগে ১২৭ জনের বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছে, তাতে বাবর ৫৩ নম্বর আসামি। সোমবার গ্রেপ্তর ৫২ জনের মধ্যে বাবরের অনুসারী ২১ নেতাকর্মীও রয়েছেন।
মঙ্গলবার দুপুরে দুইপক্ষের ৫২ জনকে আলাদা প্রিজন ভ্যানে করে কোতয়ালী থানা থেকে আদালত ভবনে নেয়া হয়। এ সময় দিদারুল আলমের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা যুবলীগ নেতা বাবরের বিচার ও ফাঁসি চেয়ে শ্লোগান দেন।
আসামিদের মধ্যে আটজন কিশোর বয়সী হওয়ায় তাদের রিমান্ড ‘না মঞ্জুর’ করে কারাগারে পাঠিয়েছে আদালত।
