টেন্ডার সন্ত্রাস: ৪৪ জন এক দিনের রিমান্ডে
রেলের টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৪৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
গ্রেপ্তার ৫২ জনের মধ্যে আটজন কিশোর বয়সী হওয়ায় তাদের রিমান্ড মঞ্জুর করেনি আদালত।
পুলিশের সাত দিন করে হেফাজতের আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম লুৎফুল মজিদ নয়ন মঙ্গলবার বিকালে এই আদেশ দেন।
আদেশের পর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪৪ আসামির প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আর আট কিশোর অপরাধীর জামিন ‘না মঞ্জুর’ করে আদালত তাদের কারাগারে পাঠিয়েছে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ জানান।
তিনি জানান, এই আটজনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ করা যাবে।
ফেনী রেলস্টেশনের সংস্কার কাজের ৪৮ লাখ টাকার টেন্ডার জমা দেয়া নিয়ে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের দুটি পক্ষ সোমবার দুপুরে চট্টগ্রামের সিআরবি সাতরাস্তার মোড়ে রেলের পূর্বাঞ্চলীয় সদরদপ্তরের সামনে সংঘর্ষে জড়ায়।
এ সময় আরমান নামে আট বছর বয়সী এক শিশু এবং সাজু পালিত নামে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়।
সংঘর্ষের পর নগরীর সিআরবি, নন্দনকাননসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম লিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু, সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন, কমার্স কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হাসমত আলী রাসেলও রয়েছেন।
তারা সবাই মহানগর ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমান যুবলীগ নেতা দিদারুল আলমের ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েল অ্যাসোসিয়েটসের পক্ষে দরপ্রস্তাব জমা দিতে সিআরবিতে যান। সেখানে কেন্দ্রীয় যুবলীগের সদস্য হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।
গ্রেপ্তর ৫২ জনের মধ্যে বাবরের অনুসারী ২১ নেতাকর্মীও রয়েছেন।
সংঘর্ষের পর ছাত্রলীগের পক্ষ থেকে তাদের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার কথা অস্বীকার করা হলেও বিকালে সাইফুল আলম লিমনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মহিবুর রহমান রাতে দাঙ্গা ও হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেন। এতে ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ৩০-৪০ জনকে আসামি করা হয়।
মঙ্গলবার দুপুরে দুইপক্ষের ৫২ জনকে আলাদা প্রিজন ভ্যানে করে কোতয়ালী থানা থেকে আদালত ভবনে নেয়া হয়।
এ সময় দিদারুল আলমের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা যুবলীগ নেতা বাবরের বিচার ও ফাঁসি চেয়ে শ্লোগান দেন।
