২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর পানি বৃদ্ধিতে বাগেরহাটের নীচু এলাকা প্লাবিত

তিনটি নদীর পানি অন্তত চার ফুট করে বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

এছাড়া নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুটি পোল্ডারের বেড়িবাঁধের অন্তত সাত কিলোমিটার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভৈরব, পানগুছি ও বলেশ্বর নদে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে শহর ও আশপাশের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

এছাড়া পানির চাপে রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও সদর উপজেলার অধীনে দুটি পোল্ডার সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এ দুটি পোল্ডারের মধ্যে ৩৫/১ পোল্ডারের চার কিলোমিটার বেড়িবাঁধ দেড় মিটার এবং ৩৫/৩ পোল্ডারের তিন কিলোমিটার এলাকা এক মিটার উঁচু করতে হবে।

যে কোন সময় এসব বাঁধ ভেঙ্গে চারটি উপজেলার অসংখ্য গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পাউবো প্রকৌশলী।

সরজমিনে ঘুরে দেখা গেছে, বাগেরহাট শহরের মেইনরোড, পুরাতন পোস্টঅফিস, ডাকবাংলো ঘাট, লঞ্চঘাট, রাহাতের মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, বাসাবাটি, নাগেরবাজার ও হাড়িখালী এলাকা পানিতে তালিয়ে গেছে।

এছাড়া সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া গ্রামের মারিয়া পল্লীর শতাধিক ঘরবাড়ি জোয়ারের পানিতে তালিয়ে গেছে। ঘরের সামনে পানি জমে রয়েছে।

মারিয়া পল্লীর মনোজিত মিস্ত্রি বলেন, ভৈরব নদের তীরে গড়ে ওঠা মারিয়া পল্লীতে ১১০টি পরিবার বসবাস করে আসছে। অমাবশ্যা ও পূর্ণিমা তিথিতে নদীর পানি বাড়লে বেড়িবাঁধটি উপচে পুরো এলাকা তলিয়ে যায়।

কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম কুমার দাসও একই কথা জানিয়ে বলেন, বেড়িবাঁধটির অন্তত দুই কিলোমিটার এলাকা উঁচু করা জরুরি হয়ে পড়েছে।

ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) নগরীর বাগেরহাটের ভারপ্রাপ্ত উপ-ব্যবস্থাপক হাজরা সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই দিনের জোয়ারে বাঁধ উপচে পানি ঢুকে বিসিক শিল্প নগরীর রাস্তাঘাট তালিয়ে  গেছে। এতে বিসিক শিল্প নগরীর কলকারখানায় পানি না উঠলেও রাস্তাঘাটের দারুণ ক্ষতি হচ্ছে।