কক্সবাজারে অস্ত্র উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফ ও রামু উপজেলায় পৃথক অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
সোমবার রাতে এ দুই অভিযানে দুই জনকে আটকও করা হয় বলে বিজিবি ও পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন টেকনাফের আজম উল্লাহ (২৮) এবং রামুর রুহুল আমিন রুবেল (২৮)।
বিজিবির টেকনাফের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, সোমবার রাত ২টার দিকে আজম উল্লাহকে দেশে তৈরি দুইটি শটগান, দুই রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে মানব পাচারসহ নানা অভিযোগে মামলা রয়েছে।
অস্ত্র উদ্ধার ঘটনায় মামলা করে তাকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।
আজম উল্লাহ টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার আবদুর রহিম ওরফে রহিম মাঝির ছেলে। এছাড়া টেকনাফের নজির ডাকাতের ছোটভাই।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনজুর আলম বলেন, সোমবার রাত আড়াইটার দিকে ডিবি পুলিশের একটি দল রামু উপজেলার কালাজির ঘোনা থেকে দেশে তৈরি দুইটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ রুহুল আমিন রুবেলকে আটক করেছে।
রুবেল কালাজির ঘোনা এলাকার আবদুল হাকিমের ছেলে।
তিনি বলেন, রুবেল একজন ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।
এ ব্যাপারে মামলা করে তাকে রামু থানায় সোর্পদ করা হয়েছে, বলেন তিনি।
