প্রচারে মশগুল গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের প্রচারে ব্যাপক হারে প্রযুক্তির ব্যবহার করছেন প্রার্থীরা।
মাইকে প্রচারে ব্যবহার করা হচ্ছে সিডি, মেমোরি কার্ড ও ক্যাসেট। প্রার্থীরা তাদের পরিচিতি, প্রতিশ্রুতি কিংবা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন এর মাধ্যমে।
কোনো কোনো ক্ষেত্রে খুবই দক্ষ ও অভিজ্ঞ বাচিকশিল্পীদের দিয়ে রেকর্ডিংয়ের কাজ করাচ্ছেন তারা। প্রার্থী এবং তাদের সমর্থকরা জানান, এতে মাইকিংয়ের জন্য আলাদা করে তাদের লোক নিয়োগ করতে হচ্ছে না।
এদিকে প্রচারের অত্যাবশ্যকীয় অনুষঙ্গ ছাপাখানার কর্মীদের ব্যস্ততা এখন তুঙ্গে।
তবে, বিদ্যুতের সমস্যা ছাপাখানার কর্মীদের বেশ ভোগাচ্ছে বলে দাবি করেন মুদ্রণসংশ্লিষ্টরা।
গাজীপুর কেন্দ্রীয় মসজিদ রোড এলাকার মান্নান প্লাজার ৪র্থ তলায় মেলোডি অ্যাড ফার্মের মালিক মো. আমিরুল ইসলাম জানান, তারা প্রার্থীদের নানা প্রতিশ্রুতি বা ইশতেহার পেশাদার বাচিকশিল্পীদের দিয়ে সিডি, ক্যাসেট ও মেমোরি কার্ডে রেকর্ড করে থাকেন।
দৈনিক গড়ে ২০-৩০টি রেকর্ডিংয়ের কাজ করে থাকেন জানিয়ে আমিরুল ইসলাম বলেন, প্রতিটির জন্য খরচ পড়ছে গড়ে তিন থেকে ১০ হাজার টাকা।
জয়দেবপুর শিববাড়ি এলাকার ওমর মাইক সার্ভিসের মালিক মো. হানিফ জানান, এখন মাইকের বেশ চাহিদা রয়েছে। সব প্রার্থীর চাহিদা মতো মাইক দেয়া সম্ভব হচ্ছে না।
মেমোরি কার্ডের মাধ্যমে প্রচারের কাজে একটি রিকশাসহ সব মিলিয়ে দৈনিক প্রচার খরচ পড়ে দেড় হাজার টাকার মতো। আর মেমোরি কার্ড ছাড়া এক হাজার টাকার মতো পড়ে বলে জানান ওমর মাইক সার্ভিসের মালিক।
নগরীর জয়দেবপুরের মুন্সীপাড়া ও চান্দনা-চৌরাস্তা এলাকায় সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ছাপাখানায় মুদ্রণকর্মী ও মালিকরা ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীদের পোস্টার, লিফলেট, ব্যাজ ছাপানোর কাজ চলছে এসব ছাপাখানায়।
বিল্লাল হোসেন জানান, তার এখানে দিনে ৫০ থেকে ৬০ হাজার শুধু পোস্টারই ছাপাতে হচ্ছে। এছাড়া প্রার্থীদের হাজার হাজার পিস লিফলেট, ব্যাজ, ভোটার স্লিপ ছাপানোর কাজ তো রয়েছেই। প্রতিদিন ৮-১০ জন শ্রমিক দিনরাত কাজ করছে বি.বাড়িয়া প্রিন্টিং প্রেসে।
একই এলাকার ন্যাশনাল প্রিন্টিং প্রেসসহ বিভিন্ন ছাপাখানায়ও একই চিত্র দেখা গেছে।
চান্দনা-চৌরাস্তা এলাকার সিটি প্রিন্টার্সের মালিক এ টি এম মাজেদুজ্জামান জানান, প্রতিদিন তারা ৭০ থেকে ৮০ হাজার পোস্টার ছাপছেন।
লেমিনেটিং ছাড়া প্রতি পোস্টারের জন্য টুই টাকা আর পলিথিনে লেমিনেটিংসহ পোস্টার প্রতি নেয়া হয় ছয় টাকা। পকেট ব্যাজ লেমিনেটিংসহ সাত টাকা করে নিচ্ছে সিটি প্রিন্টার্স।
১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. ফয়সাল সরকার বলেন, “এখন খরচ বেশি পড়লেও পলিথিন কাগজে লেমিনেটিং করা পোস্টার ব্যবহার করছি। তা না হলে একটু বৃষ্টি হলেই সব পোস্টার ছিঁড়ে পড়ে যায়। ফলে আবার নতুন করে ছাপাতে হয়।”
