শহীদ জননীর বেদী হবে শাহবাগে
শহীদ জননী জাহানারা ইমামের স্মরণে শাহবাগে তার ছবিসম্বলিত বেদী বসাবে গণজাগরণ মঞ্চ।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও গণআদালতের প্রধান উদ্যোক্তা তরুণ শহীদ মুক্তিযোদ্ধা রুমীর মা জাহানারা ইমাম মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের ২৬ জুন মারা যান।
২৬ জুন স্বাধীনতার মর্যাদা রক্ষায় লড়াকু এই সৈনিকের মৃত্যুদিবসে তাকে স্মরণ করার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ।
সোমবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে সুনির্দিষ্ট ছয়দফা দাবিকে সামনে রেখে গণজাগরণ মঞ্চ তার আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার অন্যতম দিকনির্দেশনা শহীদ জননী জাহানারা ইমামের ত্যাগ ও তিতীক্ষামণ্ডিত জীবন।
“আসছে ২৬ জুন তার প্রয়াণ দিবসকে সামনে রেখে তাই গণজাগরণ মঞ্চ নতুন কর্মসূচি গ্রহণ করেছে।”
এক বিবৃতিতে ইমরান বলেন, ওইদিন সকালে শহীদ জননীর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য গণজাগরণ মঞ্চের উদ্যোগে প্রজন্ম চত্বরে তার ছবিসম্বলিত বেদী বসানো হবে।
তিনি বলেন, “সকাল ৮টায় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে সকলের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হবে।”
সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ জননীর স্মৃতি বেদি সারাদিন উন্মুক্ত থাকবে বলে জানান তিনি।
ওইদিন বুধবার সন্ধ্যায় শহীদ জননীর ছবিতে আলোক প্রোজ্জ্বলনও করা হবে; সঙ্গে থাকবে শহীদ জননীর প্রতি নিবেদিত গান ও কবিতা।
সেদিন স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রজন্ম চত্বরে এসে শহীদ জননীর পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর আহবান জানান তিনি।
যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাজ্জীবনের সাজা প্রত্যাখ্যান করে সব যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে অবস্থান শুরু করে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র-জনতা, এর নাম দেয়া হয়েছে গণজাগরণ মঞ্চ।
২১ শে ফেব্রুয়ারি থেকে ধারাবাহিক অবস্থানের ইতি টানা হলেও আন্দোলন চালিয়ে আসছে তারা।
