চট্টগ্রামে গোলাগুলি: ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার
চট্টগ্রামে দরপত্র নিয়ে গোলাগুলির পর আটক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত সাইফুল আলম লিমন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার দুপুরে ছাত্র ও যুবলীগের দুই পক্ষের গোলাগুলিতে দুজন নিহত হওয়ার পর লিমন আটক হন। এরপর বিকালে তাকে বহিষ্কারের ঘোষণা আসে।
ফেনী রেলস্টেশনের সংস্কার কাজের ৪৮ লাখ টাকার দরপত্র নিয়ে যুবলীগ-ছাত্রলীগের দুটি পক্ষ সিআরবি সাতরাস্তার মোড়ে রেলের পূর্বাঞ্চলীয় সদরদপ্তরের সামনে এই সংঘর্ষে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে নগরীর সিআরবি সাতরাস্তার মোড়ে রেলের পূর্বাঞ্চলীয় সদরদপ্তরের সামনে যুবলীগ-ছাত্রলীগের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সোমবার চট্টগ্রামে রেলওয়ের টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের দুই পক্ষের গোলাগুলিতে নিহতের ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ।
এর পরপরই লিমনসহ ৪০ জনকে আটক করে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা লিমনকে সংঘর্ষের সময় একপক্ষের নেতৃত্ব দিতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তবে সংঘর্ষের পর ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, চট্টগ্রাম মহানগরে সংগঠনের কার্যক্রম ‘কার্যত’ বন্ধ। সেখানে কোনো পর্যায়ে কাজ করার জন্যও সংগঠনের পক্ষ থেকে কাউকে নির্দেশ দেয়া হয়নি।
