২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জের ইমন হত্যায় মামলা দায়ের

নারায়ণগঞ্জের স্কুলছাত্র ইমন হোসেন হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2013, 06:37 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

ফতুল্লা মডেল থানায় রোববার রাতে মামলাটি করেন ইমনের বাবা ইসমাইল হোসেন ওরফে রমজান।

এতে নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৪/৫ জনকে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আসামিরা হলেন বাদী ইসমাইল হোসেনের তিন সৎ চাচাতো ভাই সিরাজ মিয়া, আমান উল্লাহ ও আহম্মেদ আলী, প্রথম দুজনের স্ত্রী যথাক্রমে সালমা বেগম ও আয়েশা বেগম, আমান উল্লাহর ছেলে নাহিদ, আহম্মেদ আলীর ছেলে খোরশেদ আলম, সেন্টু মিয়া ও মন্টু মিয়া।

বক্তাবলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নাজমুল আলম মামলার বরাত দিয়ে জানান, দেড় বছর আগে ইসমাইল হোসেনদের সঙ্গে তিন সৎ চাচাতো ভাইয়ের ঝগড়া হয়।

ওই সময় আহম্মদ আলীর মাথা ফেটে যায়। এই ঘটনার জন্য দায়ী করা হয় ইমনের ভাই ইকবালকে।

ওই বিরোধের জেরে আসামিরা ইসমাইল হোসেনের ছোটছেলে ইমনকে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়।

গত ১৩ জুন নারায়ণগঞ্জ সদরের চর রাধানগর এলাকা থেকে ইমন হোসেন (১৪) নিখোঁজ হয়। এর নয়দিন পর তার নয় টুকরা লাশ পাওয়া যায়।

ইমন বক্তাবলীর কানাইনগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় এলাকার লোকজন দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে। এরমধ্যে একজনের বাড়িতে আগুন দেয় এলাকাবাসী।