২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো রাজবন্দি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের কারাগারে কোনো রাজবন্দি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

রোববার সংসদে এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ১৩টি কেন্দ্রীয় ও ৫৫টি জেলা কারাগার রয়েছে। কোনো কারাগারে কোনো রাজনৈতিক বন্দি আটক নেই।

দেশের কারাগারগুলোর ধারণ ক্ষমতা ৩৩ হাজার ৫৭০ জন হলেও বন্দির সংখ্যা ৭২ হাজার ১৭৬ জন বলে জানান মন্ত্রী।

বন্দিদের মধ্যে কয়েদি ২১ হাজার ১ জন, বিচারাধীন আসামি ৫১ হাজার ৬৮ জন, বিদেশি ৬৭৯ জন।

কারাগারে কিশোর কয়েদির সংখ্যা দু’জন এবং বিচারাধীন আসামি কিশোর-কিশোরীর সংখ্যা ৩৮ জন।

সুলতানা বুলবুলের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হেফাজতে ইসলাম, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও জামায়াতে ইসলামের হরতালসহ বিভিন্ন আন্দোলনের মধ্যে হামলায় চলতি বছর ১০ জুন পর্যন্ত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহত ১২ জন পুলিশ সদস্যের মধ্যে ১০ জন কনস্টেবল, একজন নায়েক ও একজন এসআই।

মন্ত্রী জানান, জামায়াত-শিবিরের হামলায় যশোরে নিহত হয়েছেন কাজী জহুরুল হক, গাইবান্ধায় বাবুল মিয়া, হযরত আলী, তোজাম্মেল হোসেন, নীলফামারীতে খাজা নাজিম উদ্দিন আকন্দ, চট্টগ্রামে আবু তারেক, ঝিনাইদহে জি এম ওমর ফারুক, রংপুরে মোজাহার আলী ও খুলনায় মজিফুর রহমান। এরা সবাই কনস্টেবল।

হেফাজতের হামলায় মারা গেছেন ঢাকার উপ পরিদর্শক (এস আই) মো. শাহজাহান, গোপালগঞ্জে নায়েক ফিরোজ খান ও কনস্টেবল মো. জাকারিয়া।