২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিন বাজারের ৬ খুনের মামলা দ্রুত বিচারে নেয়ার দাবি

সাভারের আমিন বাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 11:03 AM

হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর রোববার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ওই মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার করা হলেও প্রধান আসামিসহ প্রায় সবাই জামিনে ছাড়া পেয়ে গেছেন। ফলে নিহতদের স্বজনরা নিরাপত্তাহীনতার রয়েছেন।

নিহত টিপু সুলতানের বাবা শেখ আব্দুল রশিদ ও মা কাজী নাজমা সুলতানা বলেন, যেহেতু এ মামলাটি ধীর গতিতে চলছে এবং আমামিরা জামিনে বেরিয়ে যাচ্ছে। তাই মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করতে হবে।

সংবাদ সম্মেলনে বেঁচে যাওয়া আল আমিন বলেন, “এই ঘটনায় আমি একমাত্র সাক্ষী। আসামিরা জামিনে বের হওয়ায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি।”

নিহত কামরুজ্জামানের বাবা আব্দুল কাদের সুরুজ বলেন, “প্রধান আসামি আব্দুল মালেক এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বলে বেড়াচ্ছে ‘ছয় জন কেন, ২৫/৩০ জন মারলেও কিছু হবে না’।”

২০১১ সালে ১৭ জুলাই শবে বরাতের রাতে রাজধানীর কল্যাণপুরের দারুস সালাম এলাকার সাত তরুণ তুরাগ নদী পেরিয়ে আমিন বাজারের বরদেশী এলাকা গেলে ডাকাত রব তুলে তাদের ব্যাপক পেটানো হয়।

Image
HC sets RAB on Amin Bazar killing case

HC sets RAB on Amin Bazar killing case

এতে তৌহিদুর রহমান পলাশ, ইব্রাহিম খলিল, টিপু সুলতান, সেতাফ মনির, কামরুজ্জামান কান্তো, শামস রহিম মারা যান। আহত হলেও বেঁচে যান আল আমিন।

ওই ঘটনায় প্রথমে নিহত তরুণদের ডাকাতির মামলার আসামি করা হয়। পরে বিচার বিভাগীয় তদন্তে মূল ঘটনা উদ্ঘাটন হলে হত্যাকাণ্ডের জড়িতদের বিরুদ্ধে মামলা হয়।

নিহত ইব্রাহিম খলিলের মা বিউটি বেগম বলেন, “যে ছয়জন বাদি হয়ে সাভার থানায় মিথ্যা ডাকাতির মামলা করেছিলো। সে ছয়জন থেকে আজগর আলী, খন্দকার আবু সাইদ ও আলাউদ্দিন খানকে আসামি (হত্যা মামলায়) করা হয়নি।”

আলোচিত ওই ঘটনায় নিহতদের স্বজনরা সংবাদ সম্মেলনে বলেন, প্রকৃত ঘটনা ঘটিয়েছে ১৭/১৮ জন। অথচ সিআইডি ও র‌্যাব ৬০ জনকে অাসামি করেছে। আসামির সংখ্যা বেশি হওয়ায় অনেক নিরাপরাধ মানুষ মামলার আসামি হয়ে যেতে পারে।

একটি উদাহরণ দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, বরদেশী গ্রামের সাইফুল ইসলাম নিহতদের স্বজন এবং পুলিশ ও র‌্যাবকে ওই ঘটনার তথ্য দিয়ে সহযোগিতা করেছিলো। কিন্তু সিআইডি সাইফুলকেই আসামির তালিকায় রেখেছে।

টিপুর মা নাজমা সুলতানা জানান, এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইতে গত বছরের ২৮ মে সাক্ষাতের আবেদন করেন তিনি।

“২৫ জুন প্রধানমন্ত্রীর কাযার্লয় থেকে আমাকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের তারিখ পরে জানানো হবে। কিন্তু আজও তা জানানো হয়নি,” ক্ষোভের সঙ্গে বলেন তিনি।

সংবাদ সম্মেলনের শামস রহিমের ও সেতাফ মনিরের কোনো স্বজন ছিলেন না।

বাবুল নামে একজন এলাকাবাসী বলেন, সেতাফ মনিরের মা ওই ঘটনার কিছুদিন পর গ্রামের বাড়িতে চলে যান।

শামস রহিমের বাবা সাবেক একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তবে তার সঙ্গে অন্যদের স্বজনরা যোগাযোগ করতে পারেননি।