কাজের মানে নজর দিন: আফসারুল
চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করে কাজের মানের দিকে নজর দেয়ার তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীন।
শনিবার দুপুরে নগরীর কিং অব কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম পৌরসভার দেড়শ’ বছর উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “রাস্তাঘাটের উন্নয়ন কাজের মানের দিকে নজর দিন। এটি রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগতভাবে বলছি। নগরবাসী কাজের মান নিয়ে অসস্তুষ্ট। এটি আপনি ধারাবাহিকভাবে পেয়েছেন।”
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মান নিয়েও প্রশ্ন তুলেন।
তিনি বলেন, “প্রকৌশল বিভাগে যারা আছে তাদের দিয়ে কাজের উন্নয়ন যথাযথভাবে হবে না। এক কোটি টাকার কাজ ২০ লাখ টাকা দিয়ে করে ৮০ লাখ টাকা হাতিয়ে নেয়ার হিসেব আমার কাছে আছে।”
“নগরীর কোন কোন এলাকা এখনও পানিতে ডুবে থাকে। সঠিক সময়ে সঠিক পরিকল্পনা নিতে হবে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্প অনুমোদন করানোর জন্য দৌড়ঝাঁপ করতে হবে।”
পাশাপাশি রাজস্ব আদায়ের বিষয়ে আরো জোর দেয়ার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন আফসারুল আমীন।
সদ্য হওয়া চার সিটি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ ছিল না দাবি করে মন্ত্রী বলেন, “নির্বাচন স্বচ্ছ হয়েছে। সরকার হস্তক্ষেপ করেনি। ২০১০ সালে এই সিটি করপোরেশনের নির্বাচন স্বচ্ছ হয়েছিল, এর জ্বলন্ত উদাহরণ বর্তমান মেয়র।”
তিনি বলেন, রাজনীতি থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। কিন্তু নগরের উন্নয়নে সততা নিয়ে কাজ করতে হবে।
আর চট্টগ্রামের উন্নয়নে ‘দল বড় কথা নয়’ উল্লেখ করে বিএনপি সমর্থিত বর্তমান মেয়র মনজুর আলমের সঙ্গে কাজ করার ঘোষণা দেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, “বর্তমান মেয়র বিএনপি করেন, একসময় তিনি আমাদের সাথে ছিলেন। কিন্তু এ শহরের উন্নয়নের জন্য দল বড় কথা নয়। এ শহরের উন্নয়নে আমরা একসাথে কাজ করব।”
তিনি বলেন, “চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে সৎ সাহস নিয়ে পরিকল্পনার মাধ্যমে এগোতে হবে। ৬০ বর্গমাইলের এ শহরকে বাড়িয়ে ১২০ বর্গমাইল করার প্রস্তাব রয়েছে। আমরা চট্টগ্রামকে সুন্দর শহর বলি। তা কাজে লাগাতে পরিকল্পিতভাবে এগোতে হবে।”
সভাপতির বক্তব্যে এম মনজুর আলম জানান, গত ২২ বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এডিবি, উন্নয়ন অনুদান বাবদ সরকার থেকে মোট ৯১৫ কোটি টাকা থোক বরাদ্দন পেয়েছে।
বাণিজ্যিকভাবে ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান হলেও এর অগ্রগতি তেমন হয়নি উল্লেখ করে তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করছি।
মাস্টার ড্রেনেজ প্ল্যান বাস্তবায়ন না হওয়ায় নগরীতে জলাবদ্ধতা তেমন কমছে না উল্লেখ করে সিটি মেয়র মনজুর আলম বলেন, জলাবদ্ধতা কমাতে কাজ হচ্ছে। ভবিষ্যতে ষাট শতাংশের মতো জলাবদ্ধতা কমবে আশা করছি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্পোরেশনের সচিব মো. শামসুদ্দোহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, শ্রীলংকার হাই কমিশনার ডব্লিউ এ শরৎ কে ওয়েরাগোডা, ফিলিপাইনের চার্জ দ্য অ্যাফেয়ার্স নুরুদ্দিন পেন্ডোসিনা, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইওয়ান উইরেনেটা, ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, রাশিয়ান দূতাবাসের সেক্রেটারি এইডা এম অ্যাবুবাকিরোভা, মার্কিন দূতাবাসের ইকনমিক অফিসার লিন্ডসে সিইউ, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ প্রমুখ।
