গাজীপুরে শ্রমিক অসেন্তাষ, কারখানায় ছুটি
বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের দুটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সদর উপজেলার বোর্ডবাজার এলাকার মজুমদার ফ্যাশন কারখানায় অনির্দিষ্টকালের জন্য এবং একই এলাকার ফ্যাশন স্টোর কারখানায় এক দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশের পরিদর্শক মো. সেলিম রেজা বলেন, মজুমদার ফ্যাশন কারখানার শ্রমিকরা বেতন-ভাতা, নাস্তা ও খাবারের বিল বাড়ানোসহ বেশ কিছু দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিল।
শুক্রবার শ্রমিকরা কারখানার এক কর্মকর্তাকে কারখানার ভেতরে জিম্মি রেখে সারাদিন কর্মবিরতি পালন করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা সন্ধ্যায় কারখানা এলাকা ত্যাগ করে।
এ ঘটনার জের ধরে শনিবার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ দেয়া হয়।
সকালে শ্রমিকরা এসে কারখানা বন্ধ দেখে আবারো বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এক পুলিশসহ অন্তত দশ জন আহত হয়েছে।
এদিকে, মূল বেতনের সম পরিমাণ ঈদ বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে ফ্যাশন স্টোর কারখানার শ্রমিকরাও শনিবার দুপুরে কর্মবিরতি এবং বিক্ষোভ শুরু করে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শনিবারের জন্য কারখানাটিতে ছুটি দেয়া হয়।
