দক্ষিণ সুদানে ব্র্যাক কর্মকর্তা খুন
দক্ষিণ সুদানে দুর্বৃত্তের ছুরিতে খুন হয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের একজন বাংলাদেশি কর্মকর্তা।
ব্র্যাক ইন্টারন্যাশনালের সহকারী পরিচালক জালাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। তিনি দীর্ঘ ২২ বছর ধরে ব্র্যাকের সঙ্গে আছেন।
“আমরা চেষ্টা করছি যেন তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ব্র্যাকের পক্ষ থেকে সাউথ সুদান কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।”
ব্র্যাক কর্মকর্তারা জানান, জুবার অদূরে ইয়েই এলাকায় তাদের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলোর তদারকির জন্য বুধবার একটি গাড়িতে করে ইয়েই যাচ্ছিলেন হাবিব।
চালকের ভাষ্য অনুযায়ী, ইয়েই এলাকার ৩০ কিলোমিটার আগে কয়েকজন লোক গাড়ির গতিরোধ করে এবং চালককে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। হাবিব তখনো গাড়িতে ছিলেন।
বিষয়টি স্থানীয় থানায় জানানোর পর পুলিশ সড়কের পাশে পরিত্যক্ত গাড়িটি খুঁজে পায় এবং কিছুটা দূরে ছুরিকাহত হাবিবুর রহমানকে পাওয়া যায়। স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ফিরিয়ে আনার বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান জালাল।
নিহত হাবিবের ভাই দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ব্র্যাকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাথছি। তারা আমাদের জানিয়েছে, সুদানে আমার ভাইয়ের পোস্ট মর্টেম হয়েছে। কিছু আনু্ষ্ঠানিকতা রয়েছে, সেগুলো হলেই লাশ দেশে ফিরিয়ে আনা হবে।”
হাবিবের স্ত্রী শেরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাদের আট বছর বয়সী একটি ছেলে রয়েছে।
