২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জ ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 07:04 AM

Updated : 25 Apr 2022, 06:53 PM

পুলিশ জানায়, শুক্রবার সকালে সিরাজগঞ্জের সদর ও তাড়াশ উপজেলায় এবং ভোরে ফরিদপুর সদরে এসব দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের দিয়ার বৈদ্যনাথ এলাকায় একটি যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মরিয়ম বেগম নামে এক নারীর মৃত্যু হয়।

মরিয়ম (৩২) কামারখন্দ উপজেলার বড় কুড়া গ্রামের আবু সাঈদের স্ত্রী।

দুর্ঘটনার জন্য দায়ী বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০ নম্বর সেতুর কাছে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান কুলসুম বেওয়া নামে এক বৃদ্ধা।

তাড়াশ থানার ওসি মোহাম্মদ রফিক জানান, নিহত কুলসুম (৬৫) উপজেলার চরকুশা বাড়ি গ্রামের মৃত আকছেদ আলীর স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, ভোর ৫টার দিকে শহরতলির চণ্ডীপুর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

ভোররাতে কোনো এক সময় ওই ব্যক্তি গাড়ি চাপা পড়েন বলে করিমপুর হাইওয়ে থানার এসআই লুৎফর রহমানের ধারণা।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।