কক্সবাজারে আহত ‘জলদস্যুর’ মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত ‘জলদস্যু’ বাদল ওরফে সম্রাট বাদল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় কক্সবাজার সদর হাসপাতালের তিনি মারা যান।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার সাংবাদিকদের জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মগনামা ঘাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত অবস্থায় গ্রেপ্তার হন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং সিকদারপাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে বাদল।
এ সময় তার কাছ থেকে ২টি বন্দুক, ১১ রাউন্ড কার্তুজ এবং ১৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
‘বন্দুকযুদ্ধে’ এসআই মুকবুল হোসেনসহ তিন পুলিশ সদস্যও আহত হন।
গুলিবিদ্ধ বাদলকে পেকুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। সকালে বাদলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, জলদস্যু সম্রাট বাদল যাব্বজীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। সম্প্রতি বঙ্গোসাগরে ৩৬ জেলে হত্যা এবং এর আগে ১১ জেলে হত্যা মামলাসহ প্রায় ১০টি মামলার আসামিও ছিলেন তিনি।
