দুপুরেই হরতাল উঠছে পাহাড়ে
জাতীয় সংসদে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধন) বিল তোলার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় টানা ৭২ ঘণ্টার হরতাল দুপুর থেকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে, হরতালের তৃতীয় দিন পার্বত্য জেলাগুলোতে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। খুলেছে দোকানপাট, অভ্যন্তরীণ রুটগুলোতে শুরু হয়েছে যান চলাচল।
পার্বত্য বাঙালি নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে মঙ্গলবার সকাল থেকে টানা ৭২ ঘণ্টার এই হরতাল শুরু হয়।
তবে নির্ধারিত সময়ের ১৮ ঘণ্টা আগে বৃহস্পতিবার বেলা ১২টার পর থেকে তিন পার্বত্য জেলাতেই হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানান পার্বত্য বাঙালি নাগরিক পরিষদের সভাপতি আলকাছ আল মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রস্তাবিত ভূমি কমিশন আইন (সংশোধিত) সংসদে পাস না করার দাবি জানিয়ে দুপুরে সংসদের স্পিকার ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতিকে স্মারকলিপি দেয়ার কর্মসূচি থাকায় হরতাল প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে, সকাল থেকেই বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির অভ্যন্তরীণ রুটে বিভিন্ন যানবাহন চলাচল শুরু করেছে। যদিও আগের দুই দিনের মতো এদিনও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি জানান, সকাল থেকেই শহরে রিকশা, অটোরিকশা ও হাল্কা যান চলছে।
এছাড়া কেরাণী হাট-বান্দরবান সড়কে জীপ, মাইক্রোবাসসহ প্রাইভেট গাড়ি চলাচল করতে দেখা গেছে। খোলা রয়েছে দোকানপাট।
বান্দরবান থানার ওসি মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, হরতালে সবকিছু স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সাপ্তাহিক হাটবার হওয়ায় বৃহস্পতিবার খাগড়াছড়িতে হরতাল অনেকটাই শিথিল রয়েছে।
তবে রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার কয়েকটি স্থানে সকালে হরতাল সমর্থকরা পিকেটিং করার চেষ্টা করছে বলে জানা গেছে।
রাঙামাটি প্রতিনিধি জানান, সকালে হরতাল সর্মথকরা শহরের বনরূপা ও রিজার্ভ বাজার এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
হরতালে শহরে হাল্কা যান চলাচল করছে। সকালে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা খুলতে শুরু করেছে।
এর আগে মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন অনুমোদনের প্রতিবাদে গত ৯ জুন থেকে তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা হরতাল পালন করে ছয়টি সংগঠন।
