কৃষি ও পল্লী উন্নয়নে ৭ চ্যালেঞ্জ: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের কৃষি ও পল্লী উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সাতটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
বুধবার কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় কৃষক জোট আয়োজিত ‘জাতীয় বাজেটে কৃষি ও পল্লী উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কৃষি খাতে সরকারি সহযোগিতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে কৃষি ব্যবস্থা প্রনয়ন, কৃষকের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত, কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও টিকে থাকার কৌশল নির্ধারণ, পল্লী অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন করে বন্যা ও পানি সম্পদের ব্যবস্থাপনা এবং কৃষিতে ব্যবহৃত উপকরণে এ ভর্তুকি দেয়ার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন জাসদ সভাপতি ইনু।
বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে ‘অভিভাবকের’ মতো কাজ করছে জানিয়ে তিনি বলেন, ১৯৭৫ পরবর্তী সামরিক সরকার কৃষকদের ‘এতিমদের’ মতো বিবেচনা করতো। সেসময় রাষ্ট্র কৃষকদের সহযোগিতা বন্ধ করে দিয়েছিলো।
জাতীয় কৃষক জোটের সভাপতি ইকবাল হোসেন খান বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব তাতে কোনো সন্দেহ নেই। তবে কৃষি ও কৃষকের অবকাঠামোগত সুবিধা, কৃষিপণ্য গুদামজাতকরণ ও বাজারজাতকরণের সুবিধাগুলো নিশ্চিত করতে সরকারকে আরো সুস্পষ্ট কর্মকৌশল ঠিক করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক জোটের কোষাধ্যক্ষ জিয়াউল হক মুক্তা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাসদ ছাত্রলীগ সভাপতি হোসাইন আহমেদ তফসির প্রমুখ।
