বড় বিদ্যুৎ কেন্দ্রের সুপারিশ সংসদীয় কমিটির
বেসরকারি পর্যায়ে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার সংসদ ভবনে কমিটির ৫৬তম বৈঠকে এই অসন্তোষ প্রকাশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদীয় কমিটি বড় আকারের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সুপারিশ করেছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ‘বিশাল অংকের বকেয়া বিল’ আদায়ের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে সরকারকে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।
এছাড়া বৈঠকে অবৈধ গ্যাস সংযোগকে দ্রুত বৈধতা দিয়ে এ খাত থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ আরো বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো. দবিরুল ইসলাম ও শামসুর রহমান শরীফ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মোজাম্মেল হক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
