বাগেরহাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
বাগেরহাট শহরতলী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে শহরতলীর গোবরদিয়া গ্রাম থেকে লিপচা আক্তার সোমার (২৩) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর স্বামী কবির শেখ (৩৫) পালিয়ে গেছে।
লিপচা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের জাকির শেখের মেয়ে।
এই ঘটনায় নিহতের ভাই শাকিল শেখ বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় ভগ্নিপতি কবির শেখের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার রাতে লিপচার সঙ্গে কবিরের ঝগড়া হয়। এক পর্যায়ে কবির লিপচাকে মারধর করেন। পরে প্রতিবেশীরা এসে বিরোধ মিটিয়ে দেন। রাতের কোন এক সময়ে কবির তাকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে।
লিপচার বড় ভাই শাকিল শেখ অভিযোগ করেন, বিয়ের পর থেকে কবির পুরানো বাস কেনা, ড্রাইভিং লাইসেন্স করা, ব্যবসা করাসহ বিভিন্ন অজুহাতে কাছে টাকা চাইতো। টাকা না দিলে লিপচাকে নির্যাতন করত।
মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে লিপচার মা বিভিন্ন সময়ে কবিরকে প্রায় তিন লাখ টাকা দেয়।
সম্প্রতি কবির ত্রিশ হাজার টাকা ধার নেন। এই টাকা চাওয়ায় বোনকে নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ করেন শাকিল।
বাগেরহাট মডেল থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, সুরতহাল প্রতিবেদন অনুযায়ী লিপচাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
