২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় যুবলীগ নেতা আসামি

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 01:03 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন নিহত ইউপি চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী বেবী নাজনীন।

এ মামলায় সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম রবিসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।

মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীর নাম রয়েছে বলে জানান সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ।

রোববার রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের হামদো এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে ও বোমা মেরে রুহুল আমিনকে হত্যা করে।  তিনি এক সময় চরমপন্থি রাজনৈতিক দলের ক্যাডার ছিলেন। ২০০৮ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগ দেন।

এ ঘটনায় সোমবার রাতে বেবী নাজনিন ও চেয়ারম্যানের প্রথম পক্ষের স্ত্রীর ছেলে তুহিন মামলা দিতে থানায় আসেন।

ওসি জানান, মামলার বাদী কে হবেন এ নিয়ে দু’জনের মধ্যে তখন দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির উপক্রম হলে দু’জনকেই ফিরিয়ে দেয়া হয়।