ইতিহাস বর্ণনায় দিন পার সালাউদ্দিন কাদেরের
প্রথম দিনের জবানবন্দিতে পারিবারিক ইতিহাস জানানোর পর দ্বিতীয় দিন বাংলার রাজনৈতিক ইতিহাস বর্ণনা করতে শুনানির পুরোটা সময় নিলেন যুদ্ধাপরাধে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী।
মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিন বিএনপি নেতাকে বেশ কয়েকবার যুদ্ধাপরাধের অভিযোগের মূল বিষয়ে আসার তাগিদ দেন বিচারক।
এর জবাবে সালাউদ্দিন কাদের বলেন, “আমি মূল বিষয়ে চলে আসছি প্রায়।”
তবে ‘মূল বিষয়ে’ আসার আগেই ট্রাইব্যুনালে দিনের কার্যক্রম শেষ হয়। বুধবার আবার সাক্ষ্য দেয়া শুরু করবেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
জবানবন্দিতে সালাউদ্দিন কাদের বলেন, ইতিহাসে চট্টগ্রাম কখনোই বাংলার অংশ ছিল না। নবাব সিরাজ-উদ-দ্দৌলার রাজ্যের অংশ ছিল না চট্টগ্রাম।
একজন দার্শনিককে (নাম বলেননি) উদ্ধৃত করে তিনি বলেন, “ওই দার্শনিক বলেছিলেন- ‘আমি সাংস্কৃতিকভাবে মুসলিম, শিক্ষাগতভাবে ইংরেজ এবং দুর্ঘটনাবশত জন্মগতভাবে হিন্দু’। আর আমি জন্মগতভাবে চাটগাঁইয়া, এটা কোনো দুর্ঘটনা নয়।
“চট্টগ্রামের মানুষের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধসহ একটি জাতির দাবি করার মতো সবধরনের বৈশিষ্ট্য রয়েছে। তাদের দাবি করার মতো নিজস্ব পরিচয় রয়েছে।”
ইংরেজিতে দেয়া সাক্ষ্যে বিএনপি নেতা বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর এই জাতিকে যে সংবিধান উপহার দিয়েছেন, তার দ্বিতীয় অনুচ্ছেদের ধারায় দেয়া অধিকার অনুযায়ী আমি ১৯৭৮ সালে রাজনীতিতে যোগ দেই।
“এই অনুচ্ছেদে ১৯৭১ সালের ২৬ মার্চ পর্যন্ত সাম্প্রদায়িক ভিত্তিতে নির্ধারিত তৎকালীন পূর্ব পাকিস্তানের সীমানাবেষ্টিত ভূমিকে স্বীকৃতি দিয়ে দ্বিজাতি তত্ত্বের প্রতি স্পষ্ট এবং সন্দেহাতীতভাবে বঙ্গবন্ধুর অঙ্গীকার প্রকাশ পায়।”
এ সময় প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন আসামির বক্তব্যের বিরোধিতা করে আদালতকে বলেন, “এগুলো কি কোনোভাবে এ মামলার সঙ্গে সম্পর্কিত?”
এনিয়ে আসামিপক্ষের সঙ্গে প্রসিকিউশনের বাগবিতণ্ডা শুরু হয়। এর মধ্যেই সাক্ষ্যে ব্যবহৃত ‘বলকানাইজেশন’, ‘সিকিমাইজেশন’ সহ আরো কিছু শব্দ নিয়ে প্রসিকিউশন আপত্তি জানায়।
দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হলে প্রায় ২০ মিনিট আদালত কার্যক্রম বন্ধ থাকে।
‘নূতন চন্দ্রকে গুলি করেন সাকা চৌধুরী’
দ্বিজাতি তত্ত্বের ফলাফল হিসেবে অনেক ‘আলোকিত ও প্রজ্ঞাবান’ ব্যক্তিত্বকে বাংলাদেশ পেয়েছে দাবি করে সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন ও মোস্তফা কামাল, ব্যারিস্টার রফিক-উল হকের নাম উদাহরণ হিসাবে তুলে ধরেন তিনি।
মধ্যাহ্ন বিরতির পর নিজের রাজনৈতিক জীবন বর্ণনা করার উদ্দেশ্যে মুসলিম জাতীয়তাবাদ ও বাঙালির বিভিন্ন আন্দোলনের ইতিহাস তুলে ধরেন মুসলিম লীগের নেতা ফজলুল কাদের চৌধুরীর এই ছেলে।
এই পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারক জাহাঙ্গীর হোসেন বলেন, “আপনি তো মূল বিষয়ের (ট্র্যাকের) বাইরে চলে যাচ্ছেন।
তখন সালাউদ্দিন কাদের বলেন, “আমি মূল বিষয়ে চলে আসছি প্রায়।”
বিচারক সালাউদ্দিনের আইনজীবী ফখরুল ইসলামকে বলেন, “আপনি তো সকালে এক ঘণ্টা উনার সঙ্গে আলোচনা করেছেন। আপনি উনাকে সাহায্য করছেন না কেন?”
সালাউদ্দিন কাদের নিজেই এর জবাব দিয়ে বলেন, সাক্ষ্য বিষয়ে তার সঙ্গে আইনজীবীর আলোচনা হয়নি।
কী বিষয়ে আলোচনা হয়েছে- বিচারক তা জানতে চাইলে বহু মন্তব্যের জন্য বিতর্কিত এই রাজনীতিক বলেন, “সেটা আমি এখানে বলতে পারব না। আপনি আমাকে গোপনে জিজ্ঞেস করলে আমি আপনাকে বলব।”
এর কিছুক্ষণ পরই শুনানি মুলতবির আদেশ দেন বিচারক।
