‘পরাজিত প্রার্থীদের ব্যর্থতা থাকতে পারে’
সিটি কর্পোরেশন নির্বাচনে মহাজোট সমর্থিত মেয়র প্রার্থীদের পরাজয়ের পেছনে তাদের ব্যক্তিগত ব্যর্থতা থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় নির্বাচন নয়। এ নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা-দক্ষতা বিচার করে মানুষ ভোট দেয়।”
“জনগণ ও কর্মীদের থেকে দূরে সরে গিয়েছিলেন বলেই হয়তো তাদের পরাজয় বরণ করতে হয়েছে। জনগণ পরিবর্তন চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে।”
সিটি কর্পোরেশন নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না উল্লেখ করে হানিফ বলেন, এ নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোন সর্ম্পক নেই।
বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অসাংবিধানিক আখ্যায়িত করে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠিত সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলেই সদ্য সমাপ্ত ৪টি সিটি করপেরেশনের নির্বাচনে বিরোধী দল স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেছে।
হানিফ আশা করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও একইভাবে বিরোধীদল অংশ নেবে।
গত শনিবার অনুষ্ঠিত দেশের চার সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।
স্থানীয় সরকারের এ নির্বাচন নিয়ে জাতীয় রাজনীতিতেও নানা আলোচনা হচ্ছে।
