২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে এক ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাশারাত হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 11:22 AM

Updated : 23 Aug 2022, 11:01 AM

অনিয়ম-দুর্নীতি, মুক্তিযোদ্ধাদের মারপিটসহ বিভিন্ন অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই আদেশ দেয়।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে মঙ্গলবার এই আদেশ বাশারাতকে লিখিতভাবে জানানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোছ. কামরুন্নাহার স্বাক্ষরিত আদেশে বলা হয়, ত্রাণ সামগ্রিসহ ভিজিডি ও ভিজিএফের গম এবং চাল আত্মসাৎ, মুক্তিযোদ্ধাদের মারধর, মুক্তিযোদ্ধা সংসদ অফিস ভাংচুর, মুক্তিযুদ্ধে বিরোধিতা করার অভিযোগসহ নিজের বয়স কমানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী গোটাপাড়া ইউপি চেয়ারম্যান মো. বাশারাত হাওলাদারকে জনস্বার্থে বরখাস্ত করা হয়েছে।

সেইসঙ্গে তাকে তিনদিনের মধ্যে পরিষদের দায়িত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তরের আদেশ দেয়া হয়েছে।

বাগেরাহট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক আদেশ প্রাপ্তির কথা জানিয়ে বলেন, স্থানীয় সরকার বিভাগের আদেশ অবহিত করে চেয়ারম্যান বাশারাতকে চিঠি দেয়া হয়েছে।

বাশারাত হাওলাদার মঙ্গলবার দুপুরে বরখাস্তের কোন চিঠি তিনি পাননি বলে জানান।