২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিবিরের মহড়া, বোমা বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের মহড়ার পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা আবাসিক হলে মূল ফটকের সামনে অন্তত দুটি হাতবোমা বিস্ফোরণ হয়েছে বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছেন।

শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ৯ টার হঠাৎ করে পর পর দুটি হাতবোমার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তবে কারা বোমাগুলো ফাটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরাবর যারা বোমা ফাটিয়ে শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরির চেষ্টা করে তারাই বিস্ফোরণ করতে পারে।”

তিনি বলেন, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শিবিরের প্রায় চারশতাধিক নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য মহড়া দিলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি খবর শুনে আমাদের ‘ফোর্স’ সেখানে পাঠিয়েছি। কারা বোমা ফাটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

শনিবার মধ্যরাতেও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের জয়ের পর বোঁমা ফাটিয়ে উদযাপন করে শিবিরকর্মীরা। রোববারও সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাসে মহড়া দেয়।