চুরির অপবাদে গৃহবধূকে নির্যাতন, গ্রেপ্তার ২
চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূকে নির্যাতন করার অভিযোগে মাদারীপুরের সদর উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে পুলিশ নির্যাতিত গৃহবধূ শাহানা বেগমকে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জয়ার গ্রামের আবু হাওলাদারের বাড়ি থেকে উদ্ধার করে।
এ সময় গৃহকর্তার স্ত্রী সাফিয়া বেগম ও ছেলে সোহাগ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
শাহানা তার পরিবার নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন।
শাহানা সাংবাদিকদের জানান, ৪ দিন আগে বাড়ির মালিক আবু হাওলাদারের ঘর থেকে ১০ হাজার টাকা চুরি হয়। রোববার স্থানীয় এক কবিরাজের কাছ থেকে চাল পড়া এনে বাড়ির সকলের সঙ্গে তাকেও খাওয়ানো হয়।
একপর্যায়ে আবু হাওলাদার ও তার ভাই ফেরদৌস হাওলাদার তাকে চোর হিসাবে সাব্যস্ত করে ঘরে আটকিয়ে রেখে নির্যাতন করে এবং টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেয়।
সোমবারও একই কারণে বাড়ির উঠানে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বলে অভিযোগ করেন শাহানা।
জেলা পুলিশ সুপার (এসপি) খোন্দকার ফরিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি জেনে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
এসপি জানান, এ ঘটনায় মামলা হবে। ফেরদৌস হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
