গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ: পুলিশসহ আহত ২০
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে কাশিয়ানীর ছোট বাহিরবাগ এবং ষড়ইকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই সৈয়দ ইমরাত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছোট বাহিরবাগ গ্রামের পান্নু মিয়ার ছেলে নাদিম পাশের ষড়ইকান্দি গ্রামের নয়নকে মারধর করার জের ধরে সোমবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ইমরাত আলী বলেন, “সংঘর্ষে রামদিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল নূরুল ইসলাম ও আবু সাইদসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।”
আহতদেরকে খুলনা, গোপালগঞ্জ ও কাশিয়ানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে জানান তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে জানান এই পুলিশ কর্মকর্তা।
