২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি পান করে আবারো অসুস্থ অর্ধশত শ্রমিক

গাজীপুর সদর উপজেলায় কারখানার পানি পান করে অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশত তৈরি পোশাক শ্রমিক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 02:42 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

সোমবার উপজেলার বোর্ডবাজার সাইনবোর্ড এলাকায় ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

পরে কারখানায় ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। রোববার একই কারণে এই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়।

কারখানার সহকারী মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, নতুন করে যারা অসুস্থ হয়েছেন তাদের মধ্যে ৪২ জনকে তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়, বাকিদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।

রোববারের ঘটনার পর কারখানার পানির ট্যাঙ্কি পরিস্কার করা হয়। তারপরও সোমবার কি কারণে শ্রমিকরা আবারো অসুস্থ হল তা বুঝতে পারছেন না মোস্তাফিজুর রহমান।

তবে পানিতে কোন সমস্যা নেই বলে দাবি করেন কারখানার জিএম মোস্তাফিজুর রহমান।

কারখানার শ্রমিকরা জানান, ওই পার্কে আলভিন ফ্যাশন, রোমানিয়া ফ্যাশন ও ইউরোপিয়ান ফ্যাশন কারখানার শ্রমিকরা সকালে নাস্তা খেয়ে টেপ থেকে পানি পান করেন। সকাল ১১টায় শ্রমিকদের কয়েকজন বমি করতে থাকলে সহকর্মীরা তাদের হাসপাতালে নিয়ে যান।

দুপুর ২টা পর্যন্ত অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন বলে জানান শ্রমিকরা।

গত ৫ জুন উপজেলার ভোগড়া মধ্যপাড়া এলাকায় লাবিব গ্রুপের স্টারলাইট সোয়েটার কারখানায় দূষিত পানি পান করে প্রায় চারশ শ্রমিক অসুস্থ হয়।