২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জেলে অপহরণের অভিযোগ, গুলিবিদ্ধ ১

ভোলার মনপুরার কাছে মেঘনা নদী থেকে ১৯ জেলেকে ‘জলদস্যুরা’ অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 11:01 AM

‘জলদস্যুদের’ হামলায় গুলিবিদ্ধ মাঝি সফিউল্লাহ সোমবার দুপুরে ভোলা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় জানান, মেঘনায় মাছ ধরতে গেলে রোববার সন্ধ্যায় জেলেদের চারটি ট্রলারে জলদস্যুরা হামলা করে। এ সময় ৪টি ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করা হয়।

এ সময় বেশকিছু জেলে নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে তাদেরকে অন্য জেলেরা উদ্ধার করে।

জলদস্যুরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানান সফিউল্লাহ।

৪টি ট্রলারের মালিক সিদ্দিক মাঝি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ৬০ জেলে নিয়ে চারটি ট্রলার মনপুরার দক্ষিণে বালুয়ার চর সংলগ্ন গভীর মেঘনায় মাছ শিকার করছিল। এ সময় জলদস্যুরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়।

অপহৃতদের মধ্যে ১১ জেলের নাম জানা গেছে। এরা হলেন- ইউসুফ, জুয়েল, আজাদ, জয়নাল, কাসেম, ছিদ্দিক ফরাজী, সেলিম, জসিম, জাহাঙ্গীর, মো: আলী ও আব্বাস ।

জেলে অপহরণের খবর পেলেও ঘটনাটি দৌলতখানের সীমানায় নয় বলে জানিয়েছেন দৌলতখান থানার ওসি মোবাশ্বের আলী।

মনপুরা থানার ওসি এস এম সিরাজুল ইসলাম জানান, তারা এ ঘটনা জানেন না।