২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে কর ফাঁকি মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 12:41 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

রাষ্ট্রপক্ষ সোমবার সময়ের  আবেদন করায়  ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মনির হোসেন পাটোয়ারি আগামী ১১ জুলাই শুনানির নতুন দিন রেখেছেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পি পি শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে এ মামলার বাদি জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার শাহীন আক্তার হোসেনসহ দুইজনের সাক্ষ্য নেয়া হয়।

ওই সাক্ষ্যের সমর্থনে প্রদর্শনী হিসাবে সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল না করায় সোমবার তা দাখিল করে পরবর্তী সাক্ষীর সাক্ষ্য নেয়ার কথা ছিল। কিন্তু সেই কাগজপত্র হাতে না আসায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে বলে এই আইনজীবী জানান। 

কোকো এ মামলায় পলাতক থাকায় তার পক্ষে সাক্ষীদের কেউ জেরা করছেন না।

২০১০ সালের ১ মার্চ ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হকের আদালতে এ মামলা দায়ের করে এনবিআর।

এতে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে প্রদর্শিত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকির  অভিযোগ আনা হয় কোকোর বিরুদ্ধে।

২০১১ সালের ২৩ জুন অর্থপাচারের একটি মামলায় কোকোকে ৬ বছর সশ্রম কারাদণ্ড দেয়  ঢাকার আদালত।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য  বিদেশে যাওয়ার পর আর ফেরেননি তিনি।