বরিশাল পলিটেকনিকে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ হয়েছে বলে জানান কোতয়ালী মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন।
প্রত্যক্ষদর্শী ও পলিটেকনিক ইনস্টিটউটের শিক্ষার্থী আরিফুর রহমান সজিব জানান, বরিশাল সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ার সমর্থিত ছাত্রদল নেতা সুজন হাওলাদার বাবু পক্ষের সঙ্গে নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল সমর্থিত ছাত্রদল নেতা মইনুল ইসলাম রাজিব পক্ষের এ সংঘর্ষ হয়।
সজিব আরো জানান, বেলা ১২টার দিকে সুজন হাওলাদার বাবুর নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামালকে অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় তাদের বাধা দেয় মইনুল ইসলাম রাজিবের নেতৃত্বাধীন ছাত্রদল নেতাকর্মীরা।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ব্যাপারে এমপি সরোয়ারপন্থী ছাত্রদল নেতা সুজন হাওলাদার বাবু বলেন, ‘তেমন কিছু হয়নি। নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।’
তবে মেয়র কামালপন্থী ছাত্রদল নেতা মইনুল ইসলাম রাজিব বলেন, ‘কামাল ভাই জেলা বিএনপির সভাপতি হওয়ার পর থেকে ক্যাম্পাস আমরা নিয়ন্ত্রণে নিয়েছি। ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত করেছি। এখন ওরা উড়ে এসে জুড়ে বসার মতো নেতা হতে চায়। এর প্রেক্ষিতে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল।’
ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
